ঈদে মাকে দেখার আনন্দই অন্য রকম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জে ঈদ। মা-বাবা, ভাইবোনসহ জাহিদ হাসান।
সিরাজগঞ্জে ঈদ। মা-বাবা, ভাইবোনসহ জাহিদ হাসান।

স্থায়ীভাবে ঢাকায় চলে আসি ১৯৮৬ সালে। তার আগে শুধু আসা-যাওয়া। ঢাকায় থাকলেও ঈদে প্রতিবারই সিরাজগঞ্জে ছুটে যেতাম। এই জীবনে এখন পর্যন্ত তিনবার মাকে ছাড়া ঈদ করতে পারিনি। এর একবার ছিল বিয়ের পরের বছর। খুব অস্থির লাগছিল দেখে মৌ পরদিন সকালে জোর করে সিরাজগঞ্জে পাঠিয়ে দেয়। একবার আম্মা-আব্বাকে ঢাকায় এনে ঈদ করেছিলাম। খুব একটা ভালো কাটেনি। সিরাজগঞ্জে ঈদ করার মজাই আলাদা। না যেতে পারলে যে অস্থির লাগে, সেটা প্রতিনিয়ত টের পাই।
আমার ভালো লাগে, সে জন্য গ্রামে যাই। শিকড়ের টানে যে যাচ্ছি, তা কখনোই ভাবি না। ছোটবেলা থেকেই বাবা-মায়ের সঙ্গে ঈদ করছি। এখন না হয় বড় হয়েছি। ঈদে বাড়ি যাওয়ার আগমুহূর্ত থেকে অস্থির লাগে। ওখানে মা আছেন। বাবা এখন নেই। মাকে ঈদের দিন দেখার আনন্দই অন্য রকম। নামাজ পড়ে আসি, মা অপেক্ষা করেন। সবাই একে একে মাকে সালাম করি। 

সিরাজগঞ্জে ঈদ। ভাইদের সঙ্গে মাসহ জাহিদ হাসান।
সিরাজগঞ্জে ঈদ। ভাইদের সঙ্গে মাসহ জাহিদ হাসান।


সিরাজগঞ্জে বন্ধুবান্ধব এবং সেখানকার ছেলেপেলেদের সঙ্গে মিশতে দারুণ লাগে। কিন্তু কষ্ট লাগে, যখন ঘণ্টার পর ঘণ্টা যানজটে রাস্তায় বসে থাকি। তিন ঘণ্টার রাস্তা, যেতে লেগে যায় ১২ ঘণ্টা! এমনিতে আবার একটা গাড়ির পেছনে আরেকটা গাড়ি এমনভাবে লেগে থাকে, বড় মানুষদেরই তো ঝামেলা হয়। আর বাচ্চাদের তো কথাই নেই। এসব পরিস্থিতিতে একটা সময় ভাবি, পরের বার আর যাব না। কিন্তু আবার যখন ঈদের সময় আসে, বাড়ি ফেরার জন্য মন অস্থির হয়ে ওঠে। বাড়ি যাওয়ার পর মা যে একটা হাসি দেয়। ‘বাবা, তোরা আসছিস’ বলে যখন ডাক দেয়, সে অনুভূতি বলে বোঝানো সম্ভব নয়। 
ডাইনিং টেবিল আছে, তার পরও আমরা সব ভাইবোন ঈদের সময় পাটি বিছিয়ে মেঝেতে বসে খাই। আমাদের পরিবারে সদস্যসংখ্যা ২০-২৫ জনের মতো। সব ভাইবোন ও ভাবি বসে নানা ধরনের গল্প বলতে থাকে। যেন সারা বছরের জমে থাকা গল্প এই কদিনে বলে ফেলতে হবে। রাত তিনটা-চারটা পর্যন্ত ভাবিরা আড্ডা দিচ্ছে। আবার খুব সকাল সকাল ঘুম থেকে উঠে যায়। এ মুহূর্তগুলো প্রকাশ করার মতো নয়। ঈদের পরদিন বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়। কিছু অনুষ্ঠানে অতিথিও হতে হয়। 

ঢাকায় থাকলে আমরা যেমন আলাদা থাকি, সিরাজগঞ্জে গেলে তা হয় না। যৌথ পরিবারের আনন্দটা তখন নতুনভাবে উপলব্ধি করা যায়।


প্রথম আলো র ঈদুল ফিতর ২০১৪-এর বিশেষ আয়োজন বর্ণিল ঈদ-এ প্রকাশিত।