ঈদে মোশাররফ করিমের বাড়ি ফেরা (শেষ পর্ব)
গ্রামের ঈদ বললে এই অভিনেতার চোখে ভাসে বাবা মোশাররফ হোসেনের মুখ। শৈশবে বাবার নেওটা ছিলেন তিনি। ঈদের দিন বাবার সঙ্গে বাইরে যাওয়া তাঁর চাই–ই চাই। যেখানেই বাবা যাবেন, সঙ্গে নিয়ে যেতে হবে তাঁকেও। সেসব কথা যখন বলছিলেন, মোশাররফের চোখ চলে গিয়েছিল সুদূর অতীতে, ‘বাবাকে বের হতে দেখলেই তাঁর সঙ্গে যাওয়ার বায়না ধরতাম।’ কেন এমন করতেন, তা নিয়ে মজার এক কারণের কথা শোনা গেল তাঁর মুখ থেকে, ‘আমি অনেক ছোট ছিলাম, কিন্তু বাবার সঙ্গে থাকলে অনেক বড় হয়ে যেতাম—কারণটা হয়তো এটাই।’ এটুকু বলে এবার ব্যাখ্যায় গেলেন তিনি, ‘বাজারে গিয়ে বাবা চা খেতেন, সেখানে আমিও তাঁর সঙ্গে চা খেতাম। বাবা চা–টা একটু জুড়িয়ে দিতেন। এটা দেখে আমার বয়সী ছেলেরা হাসত। তবে আমি এগুলোকে পাত্তাই দিতাম না। ঈদের এই সময়ের জন্য আমি অপেক্ষা করতাম। ঈদের সময় নতুন পাঞ্জাবির জন্য অপেক্ষা করতাম। কখন আমার মাপ নেওয়া হবে, বানানো হবে কখন। সবকিছুতেই ছিল এক দারুণ উত্তেজনা। আসলে এই সময়টা আমাদের অনেক স্বাধীনতা থাকত। বাবা কোনো কিছুতেই না করতেন না।’
সেই সব সকাল
গ্রামের ঈদের সকালটি এখনো মোশাররফের স্মৃতিতে উজ্জ্বল। তাঁদের বাড়ির পাশেই ছিল আড়িয়াল খাঁ নদী। সেই নদীতে সাবান মেখে গোসল করা ছিল তাঁর দীর্ঘদিনের নিয়ম। ঈদের দিন অনেক সকালে নদীতে গিয়ে গায়ে সাবান মেখে গোসল করতেন। ঢাকায় ঈদের দিন সকালে গোসল করার সময় এখনো তাঁর সেই সব দিনের কথাই মনে পড়ে।
দর্শকদের পছন্দের অভিনেতা হওয়ার পর গ্রামে ঈদের সময়গুলো কেমন ছিল?
প্রশ্নের উত্তরে এবার গ্রামের মানুষের নিখাদ ভালোবাসা উন্মোচন করলেন মোশাররফ করিম, ‘ঈদের আগে শুটিংয়ের এমন চাপ থাকত যে ছুটির অবকাশে বাড়িতে গেলে এমনিতেই ক্লান্তি লাগত। তবু এই সময়েও তেমন একটা অবসর মিলত না। গ্রামের মানুষ তো আছেনই, দূরদূরান্তের জেলা থেকে দল বেঁধে মানুষ আসতেন দেখা করার জন্য।
তাঁদের আবদারগুলো অনেক ছোট—কেউ একটি ছবিত তুলতে চায়, কেউ দুই মিনিট কথা বলতে চায়। অনেকেই পছন্দের খাবার রান্না করে নিয়ে আসেন। এ জন্য কষ্ট হলেও তাঁদের সময় দিতাম। এই যে আমি গত চার বছরের মতো ঈদে বাড়ি যাই না। তবু আমার গ্রামের বাড়িতে মানুষ আমাকে দেখার জন্য আসেন। কিন্তু যখন তাঁরা শোনেন যে তাঁদের ছেলে এবার গ্রামে আসেনি, তাঁরা হতাশ হয়ে ফিরে যান। এই ভালোবাসার মানুষদের হতাশ করতে ইচ্ছা করে না।’
নিজেকে খুঁজে পাওয়া
পিঙ্গলকাঠিতে মোশাররফ করিমের বাড়িটি বলতে গেলে এখন খালিই পড়ে থাকে। কিন্তু এই অভিনেতার স্মৃতিগুলো তো জীবন্ত। কোনো একটা বয়সী গাছ দেখলে তাঁর মনে পড়ে, আহারে কত দিন এই গাছের নিচে খেলেছি! নদীকে খুব আপন মনে হয়। মনে হয়, আড়িয়াল খাঁ কত কতবার ধরে রেখেছে আমার সাঁতারের চিহ্ন!
এসব কথা বলতে বলতেই শেষবেলায় মোশাররফ করিম বললেন, ‘নাগরিক ব্যস্ততায় গ্রামে এখন সেভাবে ফিরতে পারি না। তবু উৎসবের দিনগুলো পিঙ্গলকাঠিতেই কাটাতে ইচ্ছা করে আমার। কারণ, এখানেই আমি পুরোপুরি নিজেকে খুঁজে পাই। এখানেই আমি শামীমকে ফিরে পাই।’