ঈদে শমীর একটিই টেলিছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খোয়াব টেলিছবির শুটিংয়ের ফাঁকে শমী কায়সার, রাইসুল ইসলাম আসাদ ও ভাবনা
খোয়াব টেলিছবির শুটিংয়ের ফাঁকে শমী কায়সার, রাইসুল ইসলাম আসাদ ও ভাবনা

বাড়ির তৃতীয় তলার সিঁড়ি বেয়ে চতুর্থ তলায় উঠে এলেন অভিনেত্রী শমী কায়সার ও ভাবনা। শমী কায়সারের হাতে বাজারের ব্যাগ। ব্যাগের ভেতর থেকে লাউ আর ডাঁটা বেরিয়ে আছে। ভাবনার হাতে দুটি জ্যান্ত মুরগি। হাসি হাসি মুখ দেখে বোঝা গেল বাজার করে ফিরলেন তাঁরা। খোলা দরজা দিয়ে ঢুকে বাবাকে খুঁজতে থাকলেন দুজন। খুঁজতে খুঁজতে পেলেন বারান্দায়। বাবার হাত-পা-মুখ বাঁধা। বাজারের ব্যাগ আর মুরগি ফেলে দুজন কাঁদতে কাঁদতে বাবাকে বাঁধনমুক্ত করলেন। মুখের বাঁধন খোলার পর কাঁদতে থাকলেন রাইসুল ইসলাম আসাদ। কান্নাভেজা কণ্ঠে বললেন তাঁকে বেঁধে রাখার কারণ। দুই বোন শমী কায়সার আর ভাবনার কথায় জানা গেল আসল রহস্য।
গত শুক্রবার দৃশ্যটির শুটিং চলছিল রাজধানীর উত্তরার একটি বাড়িতে। ক্যামেরার পেছনে মনিটরে শমী, ভাবনা ও রাইসুল ইসলাম আসাদের অভিনয় দেখছিলেন পরিচালক অনিমেষ আইচ। ঠিকঠাক শেষ হওয়ার পরই থামল বাবা ও তাঁর দুই মেয়ের কান্নাকাটি। দৃশ্যটি পরিচালকের এতই মনঃপূত হলো যে সবাইকে হাততালি দেওয়ার অনুরোধ করলেন।
পরের দৃশ্যের জন্য লাইট ঠিক করার ফাঁকে কথা হলো শমী কায়সারের সঙ্গে। এবারের ঈদে একটি টেলিছবিতেই অভিনয় করছেন তিনি। তাও অনিমেষের ‘অনুরোধ’ আর নিজের ব্যবসায়িক কাজের ফাঁকে ‘ফুরসত’ একসঙ্গে মিলে যাওয়ায়। আলাদা করে বললেন, ‘মানবিক’ হয়ে ওঠা গল্পটির জন্য একটা টান অনুভব করেছেন তিনি।
অনিমেষ বলেন, ওই তিনজনের সঙ্গে আরও অভিনয় করেছেন অ্যালেন শুভ্র, মিঠু প্রমুখ। টেলিছবিটি ঈদ অনুষ্ঠানমালায় এনটিভিতে দেখানো হবে। কেমন হয়েছে, সেই প্রশ্নের উত্তরটা দর্শকদেরই দিতে বললেন এই নির্মাতা।