ঈদে হুমায়ূন আহমেদের 'ভালোবাসার গল্প' ও 'যইতরী'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ভালোবাসার গল্প’ নাটকের শুটিংয়ে সজল, শবনম ফারিয়া ও নির্মাতা শাওন।
‘ভালোবাসার গল্প’ নাটকের শুটিংয়ে সজল, শবনম ফারিয়া ও নির্মাতা শাওন।

বাঙালির উৎসবের সঙ্গে হুমায়ূন আহমেদের একটা নিবিড় সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল। বিশেষ করে ছোট পর্দায়; টেলিভিশন নাটকের ক্ষেত্রে। জীবদ্দশায় যেকোনো উৎসব উপলক্ষেই নতুন নাটক নিয়ে তিনি হাজির হতেন দর্শকদের সামনে। নতুন মাত্রা যুক্ত হতো তাতে। এবারের ঈদ উপলক্ষেও দেশের দুটি টিভি চ্যানেল প্রচার করবে হুমায়ূন আহমেদের নতুন দুটি নাটক। প্রয়াত এ লেখকের লেখা নাটক দুটি নির্মাণ করেছেন তাঁর স্ত্রী মেহের আফরোজ শাওন। একটির নাম ‘ভালোবাসার গল্প’ আরেকটি ‘যইতরী’। এরই মধ্যে নাটক দুটি নির্মাণের কাজ শেষ হয়েছে। এখন আছে সম্পাদনার টেবিলে।


এর মধ্যে ‘ভালোবাসার গল্প’ নাটকটি ঈদুল ফিতরেই নির্মাণের কথা ছিল। কিন্তু নানা কারণে সেটি পিছিয়ে যায়। এমনটাই জানিয়েছেন নাটক দুটির সহকারী পরিচালক মোহাম্মদ ইব্রাহিম।

ইব্রাহিম জানান, ‘ভালোবাসার গল্প’ নাটকটির শুটিং হয়েছে গত মাসে। এর মূল দুটি চরিত্রে অভিনয় করেছেন সজল ও শবনম ফারিয়া। শুটিং হয়েছে নুহাশপল্লীতে। অন্যদিকে ‘যইতরী’ নাটকে অভিনয় করেছেন রিয়াজ, অর্চিতা স্পর্শিয়া, প্রাণ রায়, জিয়াউল হাসান প্রমুখ। গত সপ্তাহে নাটকটির শুটিং হয় কালিয়াকৈরের এক জমিদার বাড়িতে।’

শুধুমাত্র এই দুটি নাটকই এবারের ঈদে প্রচার হবে এমনটাই নিশ্চিত করেছেন মেহের আফরোজ শাওন। মুঠোফোনে তিনি প্রথম আলোকে বলেন, ‘আমরা নির্মাণের বেলায় হুমায়ূন আহমেদের গল্প ও স্ক্রিপ্ট (চিত্রনাট্য) পরিবর্তন করিনি। তাঁর মতো মমতা দিয়েই কাজ দুটি করতে চেষ্টা করেছি। হয়তো সেটা সম্ভব হয়নি। যদি কাছাকাছিও যেতে পারি তাহলেই আমরা সার্থক।’

আসছে ঈদুল আজহা উপলক্ষে ঈদ অনুষ্ঠানমালায় এ নাটক দুটি প্রচারিত হবে। এর মধ্যে ‘ভালোবাসার গল্প’ প্রচারিত হবে চ্যানেল আইতে এবং ‘যইতরী’ মাছরাঙা টিভিতে প্রচার হওয়ার কথা রয়েছে।
এবারের ঈদে হুমায়ূন আহমেদের নাটক দুটির কারণে হয়তো খানিকটা হলেও ঘুচবে তাঁর না থাকার অভাব।