ঈদে 'আমাদের কিংবদন্তি'

অপি করিমের উপস্থাপনায় রুনা লায়লা-আলমগীর দম্পতির আড্ডার অনুষ্ঠান প্রচারিত হবে এবারের ঈদে। ‘আমাদের কিংবদন্তি’ নামের অনুষ্ঠানটির শুটিং সম্প্রতি সম্পন্ন হয়েছে বিএফডিসির ৩ নম্বর ফ্লোরে।
‘আমাদের কিংবদন্তি’ অনুষ্ঠান সম্পর্কে রুনা লায়লা বলেন, ‘এ অনুষ্ঠানে অংশগ্রহণ করে আমাদের ভালো লেগেছে। শুটিং করতে মঞ্চে গিয়ে দেখি সব প্রস্তুত। আমরা গাড়ি থেকে নেমে সোজা শুটিং করেছি। কোনো অপেক্ষা করতে হয়নি। এটা আমাদের কাছে খুবই ভালো লেগেছে। আমাদের সাক্ষাৎকার ইনফরমেটিভ হয়েছে। তাৎক্ষণিক প্রশ্নে আমরা দুজনেই উত্তর দিয়েছি।’
‘কী প্রশ্ন করা হবে, আগে থেকে তার কিছু জানতাম না। এ বিষয়টাও ভালো লেগেছে। আমাদের অনুষ্ঠানের উপস্থাপনা করেছে অপি করিম। সে অনেক সুন্দরভাবে পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করেছে। আশা করছি, অনুষ্ঠানটি দর্শকের ভালো লাগবে।’ বলেছেন রুনা লায়লা।
বাংলাভিশন টিভি চ্যানেলের ঈদুল আজহার বিশেষ অনুষ্ঠানমালায় ঈদের দ্বিতীয় দিন রাত ৮টা ৫০ মিনিটে প্রচারিত হবে ‘আমাদের কিংবদন্তি’।