ঈদের ছুটি শেষ হচ্ছে মোশাররফ করিমের!

ঈদের আগে মধ্য রাত পর্যন্ত টানা শুটিং করেছেন মাসুদ সেজানের ঈদ ধারাবাহিকের জন্য। তাই ঈদের দিনে একটু বিশ্রামই ছিল জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের সবচেয়ে বড় প্রাপ্তি। কাঙ্ক্ষিত ঘুমের মধ্য দিয়েই কেটেছে তাঁর ঈদের দিনটি। শুধু ঈদের দিনটিই নয়, গত কয়েকটা দিন ধরে রীতিমতো বিশ্রামই যেন হয়েছে মোশাররফ করিমের সঙ্গী। বন্ধুদের সঙ্গে এক-আধটু আড্ডা দেওয়া, স্ত্রী জুঁইয়ের সঙ্গে সময় কাটানো ছাড়া তাঁর আর তেমন কোনো তাড়া ছিল না।
তবে, এখন সেই সব ছুটির দিনগুলোকে বিদায় জানানো সময় হয়েছে। মোশাররফ করিম বললেন, ‘ছুটি এখন শেষের দিকে। ৩০ তারিখ থেকে আবারও শুটিংয়ের ব্যস্ততা, মন খারাপেরই কথা।’
তবে ঈদে যে অবকাশযাপনের সুযোগটুকু পেয়েছেন তাতেই তৃপ্ত এই অভিনেতা। কথা প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রতিবারই নানা কারণে নিজের কোনো না কোনো নাটক দেখা হয়। এবারের ছুটিতেও তাই হয়েছে। আমি অভিনয় করেছি এমন একটি নাটক দেখেছি। দেখে মনে হয়েছে ভালোই হয়েছে কাজটি।’ মোশাররফ করিম বলছিলেন ঈদের ধারাবাহিক ‘দুষ্টু ছেলের দল’ নাটকের কথা। ৭ পর্বের এই ঈদ ধারাবাহিকটি দেখানো হচ্ছে এনটিভিতে।
ছুটি শেষ আর কাজে যাওয়া প্রসঙ্গে মোশাররফ করিম জানিয়েছেন, ৩০ সেপ্টেম্বর থেকে এসএটিভির নিয়মিত ধারাবাহিক নাটক ‘আদর্শ লিপি’র শুটিংয়ে যোগ দিয়েই তিনি এবারের মতো শেষ করবেন তাঁর ঈদের ছুটি।