ঈদের নাটক 'আলাল দুলাল পঞ্চমপত্র'

এবারের কোরবানি ঈদ উপলক্ষে অভিনেতা, নাট্যকার ও নির্মাতা মীর সাব্বির নির্মাণ করেছেন নাটক ‘আলাল দুলাল পঞ্চমপত্র’। এবারও তিনি নাটকটি রচনার পাশাপাশি এর নির্দেশনা দিয়েছেন।
আলাল ও দুলাল দুজন ভবঘুরে মানুষ। একদিন হঠাৎ একের সঙ্গে অপরের দেখা হয়। তাঁদের ভেতর অসাধারণ এক বন্ধুত্ব তৈরি হয়। জীবিকার কারণে নিজেদের বিভিন্ন কাজে জড়িত করলেও সব কাজেই বিফল হন তাঁরা। আর এই বিফলতা থেকে তাঁদের ভেতর নতুন ধারণার জন্ম হয়। তাঁরা বিশ্বাস করতে শুরু করেন, দেশের সব প্রতিষ্ঠিত মানুষের সফলতা শুরু হয়েছিল ছোট জায়গা থেকে। আলাল-দুলাল হাল ছাড়েন না, ছুটে চলেন প্রতিষ্ঠা পাওয়ার জন্য। এই ছুটে চলার মাঝে ঘটতে থাকে মজার সব ঘটনা। এভাবেই শুরু আলাল-দুলাল নাটকের।
২০১২ সালের রোজার ঈদে নাটকটি প্রচারিত হয় এটিএন বাংলায়। নাটকের কাহিনি নির্মাণের পাশাপাশি নির্দেশনাও দেন মীর সাব্বির। নাটকটিতে অভিনয় করেন জাহিদ হাসান, মীর সাব্বির, বিন্দু, দীপা খন্দকার প্রমুখ। সেই থেকে শুরু। এরপর শুধু ২০১৩ সালের কোরবানির ঈদ ছাড়া প্রতিটি ঈদেই এটিএন বাংলার জন্য নাটকটির সিক্যুয়েল তৈরি করেন মীর সাব্বির।
আলাল-দুলাল নাটকের শুরু থেকেই মূল দুটি চরিত্রে রয়েছেন জাহিদ হাসান এবং মীর সাব্বির। তবে পরিবর্তন ঘটেছে নায়িকা চরিত্রে। প্রথম পত্রে বিন্দু ও দীপা খন্দকার থাকলেও দ্বিতীয় পত্রে ছিলেন না দীপা খন্দকার। তৃতীয় পত্রে বিন্দুর পরিবর্তে আসেন নওশীন। চতুর্থ পত্রে নওশীনের স্থলাভিষিক্ত হন সুমাইয়া শিমু। আর এবার শিমুর পরিবর্তে যুক্ত হয়েছেন নাদিয়া।