ঈদের নাটকে ইমন ও মেহজাবিন

চিত্রনায়ক ইমনের ভক্তদের জন্য সুখবর। ইমন আবার ফিরেছেন ছোট পর্দায়, যেখান থেকে যাত্রা শুরু তাঁর। ঈদের বিশেষ নাটকে অভিনয় করেছেন তিনি। নাটকের নাম ‘উচ্চতর ব্যবহারিক শিক্ষা’। রুম্মান রশীদ খানের লেখা এই নাটকটি পরিচালনা করেছেন মইনুল ওয়াজেদ রাজীব। প্রথমবারের মতো এ নাটকের মাধ্যমে ছোট পর্দায় ইমনের জুটি হয়েছেন মেহজাবিন।

ইমন বলেন, ‘এক বছরের ব্যবধানে আবারও নাটকে অভিনয় করলাম। গত বছরের সেপ্টেম্বরে “ল্যাম্পপোস্ট” নাটকে কাজ করেছি।পান্থ শাহরিয়ারের লেখা ও নঈম ইমতিয়াজ নেয়ামূল পরিচালিত নাটকটিতে আমার সহশিল্পী ছিলেন ভাবনা।’
ইমন বড় পর্দায় অভিনয় নিয়ে ব্যস্ত। রোজার ঈদে মুক্তি পেয়েছে ইমন অভিনীত ছবি ‘পদ্মপাতার জল’। ছবিটির কারণে ইমন এখন বেশ আলোচিত। কিছুদিন আগে ভারতের রামোজি ফিল্ম সিটি থেকে ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনি টু’ ছবির শুটিং করে দেশে ফিরলেন তিনি। হঠাৎ করে নাটকে অভিনয়ের সিদ্ধান্ত কেন?
জানতে চাইলে ইমন বলেন, ‘দর্শকদের নিয়মিত অনুরোধ ছিল ঠিক, তবে সত্যি বলতে কি, চলচ্চিত্রই আমার ধ্যান-জ্ঞান, আমার স্বপ্ন। ভালো স্ক্রিপ্ট পেলে বিশেষ দিনের বিশেষ নাটকে কাজ করতে আমার কোনো আপত্তি নেই। উচ্চতর ব্যবহারিক শিক্ষা নাটকের স্ক্রিপ্ট যেমন মজার, ঠিক তেমনি শিক্ষণীয় বেশ কিছু বার্তাও আছে। তাই কাজটা করতে রাজি হয়েছি।’
শুটিংয়ের অভিজ্ঞতা জানাতে গিয়ে ইমন বলেন, ‘পরিচালক খুব যত্ন নিয়ে কাজ করেছেন। তা ছাড়া মেহজাবিনের সঙ্গে অভিনয় করাটাও বেশ উপভোগ করেছি।’
মেহজাবিন এর আগে বিভিন্ন স্টেজ শো, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ইমনের সঙ্গে কাজ করেছেন। ইমনের সঙ্গে প্রথমবার অভিনয় প্রসঙ্গে মেহজাবিন বলেন, ‘ইমনের সঙ্গে কাজ করতে গিয়ে মনেই হয়নি কাজ করছি। মজার ছলে আনন্দ নিয়ে নাটকটিতে কাজ করেছি। নাটকে আমি ইমনের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছি। আশা করছি নাটকটি দর্শকদের ভালো লাগবে।’
পরিচালক জানান, ‘উচ্চতর ব্যবহারিক শিক্ষা’ ঈদে একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত হবে।