ঈদের নাটকে শমী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শমী কায়সার
শমী কায়সার

টিভি নাটকের একসময়ের ব্যস্ত অভিনয়শিল্পী শমী কায়সারকে এখন খুব একটা দেখা যায় না। বিশেষ কোনো দিবসে নাটকের গল্প আর নির্মাতা পছন্দ হলে পরেই তাতে অভিনয় করেন তিনি। এবারও তেমন একটি নাটকে অভিনয় করছেন। চলতি মাসের শেষ তিন দিন ঢাকার বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং হবে। চয়নিকা চৌধুরীর পরিচালনায় শেষের পরে নাটকে শমীর বিপরীতে অভিনয় করবেন মাহফুজ আহমেদ।
শমী কায়সার বলেন, ‘সাধারণত ঈদের নাটকের গল্পগুলো খুবই ইন্টারেস্টিং হয়। অনেক ধরনের গিমিগ থাকে। কিন্তু এই নাটকে সেসবের বালাই নেই। গল্পটা বেশ চমৎকার। দর্শকদের ভালো লাগবেই।’
নাটকে তাঁর চরিত্র প্রসঙ্গে শমী কায়সার বলেন, ‘নাটকটিতে আমি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। একজন অধ্যাপকের শিক্ষকতা ও ব্যক্তিজীবনের টানাপোড়েনই নাটকটিতে তুলে ধরা হবে।’
একসময় দর্শকেরা আপনাকে টিভি নাটকে নিয়মিত পেয়েছেন; এখন খুব কম দেখা যায় কেন? এমন প্রশ্নের জবাবে শমী কায়সার বলেন, ‘আমি বড় একটি কাজে হাত দিয়েছি, যেখানে অনেক সময় দিতে হচ্ছে আমাকে। কাজটি শেষ হলে আবার নিয়মিত দর্শকদের সামনে আসব।’
কী সেই বড় কাজ? শমী বলেন, ‘আপাতত এ নিয়ে কিছু বলতে চাই না। প্রস্তুতি প্রায় গুছিয়ে এনেছি। সময় হলেই জানিয়ে দেব।’
প্রসঙ্গত, গত বছর ঈদুল ফিতরের জন্য নির্মিত একটি টেলিছবিতে অভিনয় করেছিলেন শমী কায়সার। চয়নিকা চৌধুরীর পরিচালনায় অনুমতি প্রার্থনা নামের ওই টেলিছবিতেও শমীর সহশিল্পী ছিলেন মাহফুজ আহমেদ।