ঈদের নাটকের প্রশংসা করেছেন স্বামী

তিন বছর বিরতির পর এবারের ঈদুল আজহার টেলিভিশনে ছিল সারিকার সাতটি নাটক। সেগুলোতে তাঁর অভিনয় বেশ মনে ধরেছে সারিকার স্বামী মাহিম করিমের। স্বামীর কাছ থেকে যে কোনো কাজের প্রশংসা পেলেই আহ্লাদে আটখানা হয়ে যান স্ত্রীরা। সেখানে অভিনয়ের প্রশংসায় রীতিমতো উচ্ছ্বসিত অভিনয়শিল্পী সারিকা।
গতকাল শনিবার বিকেলে প্রথম আলোর সঙ্গে আলাপে সারিকা বলেছেন, ‘একজন অভিনয়শিল্পীর জন্য দর্শকের উৎসাহ যেমন দরকার, তেমনি পরিবারের উৎসাহ ও সমর্থনও গুরুত্বপূর্ণ। পরিবার যদি কোনো মানুষকে সমর্থন দেয়, তাহলে যে কোনো কাজেই সেই মানুষের উৎসাহ অনেক গুন বেড়ে যায়। সেই দিক থেকে আমি খুবই সৌভাগ্যবতী। কারণ এবারের ঈদে স্বামী ও শ্বাশুড়ি আমার নাটকগুলো খুব মন দিয়ে দেখেছেন।’ সারিকা আরও বলেছেন, ‘যে নাটকগুলো তাঁদের ভালো লেগেছে সেগুলোর কথা যেমন জানিয়েছেন, তেমনি যেগুলো কম ভালো লেগেছে সেগুলোর কথাও জানিয়েছেন।’
তিন বছর পর অভিনয়ে ফিরে একটানা বেশ কয়েকটি নাটকে কাজ করে ফেলেছেন সারিকা। নাটক ছাড়াও করেছেন নাচের অনুষ্ঠান। ঈদে নিজের নাটকগুলো মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করেছেন তিনি। কোন নাটকটি তাঁর সবচেয়ে ভালো লেগেছে জানতে চাইলে সারিকা বলেন, ‘আমি আর ইমন “নীল ঘুম” নামে একটি নাটক করেছি। সাজ্জাদ সুমনের এই নাটকটি দেখে আমি মুগ্ধ হয়েছি। নাটকের গল্প ভিন্ন, নির্মাণও বেশ ভালো। আমার সাফল্য হচ্ছে, নাটকটি দেখে অনেকেই কেঁদেছেন। আমাকে ফেসবুক ও মোবাইলে মেসেজ পাঠিয়ে অভিনন্দন জানিয়েছেন পরিচিত জন ও ভক্তেরা।’ সারিকা বলেন, ‘দর্শকদের কথা আর কী বলব, নাটকটি দেখে আমার নিজেরও কান্না পেয়েছে।’
ঈদে ‘কুসুম কুসুম প্রেম’, ‘নীলের বউ রাশি’ ও ‘আমি তুমি’ নাটকগুলো ভালো লেগেছে সারিকার। একটানা বেশ কয়েকটি নাটকে অভিনয়ের পর আপাতত মাসখানেক বিশ্রামে থাকবেন তিনি। জানালেন, ঈদের আগে একটানা কাজ করতে হয়েছে বলে পরিবার ও মেয়েকে সময় দিতে পারেননি। পরিবারের সঙ্গে দূরে কোথাও কয়েকটি দিন ঘুরে আসার পরিকল্পনা করছেন তিনি। ভবিষ্যতের কাজ নিয়ে বললেন, ‘এরপর যখন কাজ নেব, বুঝে-শুনে, বেছে বেছে নেব। আপাতত আগের মতো ব্যস্ত হওয়ার কোনো ইচ্ছে নেই।’