ঈদের পরে শুটিংয়ে মোশাররফ

ঈদের পরপর দেশের বাইরে বেড়াতে গিয়েছিলেন অভিনেতা মোশাররফ করিম ও রোবেনা রেজা দম্পতি। বেড়িয়েছেন মালয়েশিয়ার বিভিন্ন জায়গায়। সপরিবারে এই ভ্রমণটা আনন্দময় ছিল তাঁর কাছে। বললেন, ‘সবাই মিলে ঘুরতে যাওয়ার একটা মজা তো আছেই। সেটা বেশ উপভোগ করলাম। ভালো লেগেছে।’
বেড়ানো শেষে গেল ২১ তারিখ রাতে দেশে ফেরেন মোশাররফ করিম। গতকাল শক্রবার দাঁড়িয়েছেন ক্যামেরার সামনে। শুটিং শুরু করেছেন সাগর জাহানের ধারাবাহিক নাটক ‘এই কূলে আমি আর ওই কূলে তুমি’র।
তবে শুধু এই ধারাবাহিকই নয়, এরই মধ্যে আগামী ঈদুল আজহার বেশ কয়েকটি নাটকে অভিনয়ের ব্যাপারে কথাবার্তা চূড়ান্ত হয়ে আছে এ অভিনেতার। কথা প্রসঙ্গে বললেন, ‘ঈদুল আজহা পর্যন্ত সবাই তারিখ নিয়ে রেখেছেন। শারীরিকভাবে অসুস্থ না হলে সেগুলো শেষ করে ফেলব।’
এদিকে গতকালই ‘এই কূলে আমি আর ওই কূলে তুমি’ শুটিংয়ের একটি ছবি ফেসবুকে আপলোড করেছেন অভিনেতা ফারুক আহমেদ। মোশাররফ করিমের সঙ্গে সেই ছবিতে তিনি লিখেছেন ‘ঈদের ছুটির পর আজ আবার একসঙ্গে শুটিং।’
প্রসঙ্গত, ঈদের ছুটি কাটাতে পরিবারসহ আমেরিকায় গিয়েছিলেন অভিনেতা ফারুক আহমেদ। তিনিও ফিরেছেন কদিন আগে।