উগান্ডায় 'কৃষকের ঈদ আনন্দ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যানেল আইয়ের জনপ্রিয় অনুষ্ঠান ‘কৃষকের ঈদ আনন্দ’ এবার ধারণ করা হলো পূর্ব আফ্রিকার দেশ উগান্ডায়। নাতিশীতোষ্ণ জলবায়ুর এই দেশের কৃষকেরা অংশ নিয়েছেন মজার মজার প্রতিযোগিতায়। অনুষ্ঠানটির পরিকল্পনা ও পরিচালনা করেছেন শাইখ সিরাজ। তিনি বলেন, কৃষি ও পুষ্টির বর্তমান পরিস্থিতিকে গুরুত্ব দিয়ে উগান্ডার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এম বারারা জেলার কাবোহে এলাকার একটি মাঠে এবার এই অনুষ্ঠানের উল্লেখযোগ্য অংশ আয়োজন করা হয়েছে। কৃষক ও তাঁদের পরিবারের সদস্যরা অংশ নিয়েছেন প্রতিযোগিতার বিভিন্ন পর্বে। এর মধ্যে রয়েছে বালিশ লড়াই, মিষ্টি আলুর গুঁড়া থেকে বিন খোঁজা, মা ও ছেলের বিন দৌড় এবং তৈলাক্ত কলাগাছে ওঠা।
শাইখ সিরাজ আরও বলেন, অনুষ্ঠানে উগান্ডার প্রত্যন্ত এলাকার কৃষক পরিবারের তরুণী সদস্যরা বাংলা গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন। আরও আছে উগান্ডার কয়েকটি এলাকা নিয়ে তৈরি তথ্যচিত্র।
‘কৃষকের ঈদ আনন্দ’ অনুষ্ঠানের আরেকটি অংশের আয়োজন করা হয়েছে ঢাকার ঐতিহ্যবাহী নবাবগঞ্জ উপজেলার চুরাইন মাঠে। এই এলাকার কৃষকদের নিয়ে আয়োজন করা হয়েছে কয়েকটি খেলা। আরও আছে নবাবগঞ্জ ও মুন্সিগঞ্জ এলাকার ঐতিহাসিক কিছু বিষয় নিয়ে তথ্যচিত্র। এবার ঈদের পরদিন চ্যানেল আইয়ে প্রচারিত হবে ‘কৃষকের ঈদ আনন্দ’।