উজান গাঙের নাইয়া সিক্যুয়েলে ফারহানা মিলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফারহানা মিলি
ফারহানা মিলি

মা ও নবজাতক শিশুর স্বাস্থ্য উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে ধারাবাহিক নাটক উজান গাঙের নাইয়ার প্রচার শেষ হয়েছে গত সেপ্টেম্বর মাসে। এবার নাটকটির সিক্যুয়েল তৈরি হচ্ছে। এরই মধ্যে এর শুটিং শুরু হয়েছে। উপকূলীয় অঞ্চলের কিছু জেলে পরিবারের জীবন সংগ্রাম, ভালোবাসা ও অন্যায়ের বিরুদ্ধে টিকে থাকার গল্প নিয়ে নাটকটি নির্মিত হচ্ছে। আগামী বছরের শুরুতে বিটিভিতে এর প্রচার শুরু হবে। 
রফিকুল ইসলাম পল্টু ও শুভাশিস সিনহার রচনা এবং বাশার জর্জিসের পরিচালনায় উজান গাঙের নাইয়ার সিক্যুয়েলে অভিনয় করছেন রিয়াজ, ফারহানা মিলি, তারিক আনাম খান, শতাব্দী ওয়াদুদ, লুৎফর রহমান জর্জ, অর্চিতা শিয়া, তিতাস জিয়াসহ অনেকে। আর নাটকটির নির্বাহী প্রযোজক হিসেবে আছেন হিমেশ কর ও শার্লট ইমবার্ট। 
নাটকটি সম্পর্কে এর নির্বাহী প্রযোজক ও বিবিসি মিডিয়া অ্যাকশনের কান্ট্রি ডিরেক্টর শার্লট ইমবার্ট বলেন, ‘অসাধারণ একটি গল্প নিয়ে নির্মিত হচ্ছে নাটকটির দ্বিতীয় এই সিরিজ। আশা করছি, জানুয়ারি মাস থেকে দর্শকেরা এই নাটকটি উপভোগ করবেন। এ ছাড়া এই নাটকের মাধ্যমে মা ও নবজাতকের স্বাস্থ্য পরিচর্যা বিষয়ে নিজের ও পরিবারের সদস্যদের জন্য মূল্যবান কিছু তথ্যও তাঁরা জানতে পারবেন।’ 
ফারহানা মিলি বলেন, ‘এই ধারাবাহিকে উপকূলবর্তী জনপদের একজন নারীর চরিত্রে অভিনয় করছি আমি। বিশাল আয়োজনে শুটিংয়ের কাজ চলছে। ধারাবাহিক নাটক হলেও মনে হচ্ছে সিনেমার শুটিং করছি। অনেক পরিকল্পিত ও গোছানোভাবে কাজ হচ্ছে। এবারই প্রথম বিবিসির নাটকে অভিনয় করছি। এর আগে বিবিসির একটি ক্যাম্পেইনে অংশ নিয়েছিলাম আমি।’ 

বাশার জর্জিস বলেন, ‘সাগরপাড়ের জেলেপাড়ার জেলেদের সংগ্রামী জীবনই হচ্ছে উজান গাঙের নাইয়ার এবারের নাটকটির মূল উপজীব্য। এখানে একটি চরিত্রকে প্রধান করে গল্পটি এগোয়নি। অনেকগুলো চরিত্র সমান্তরালভাবে এগিয়েছে।’
উজান গাঙের নাইয়া বিবিসি আগমনীর (বিবিসি মিডিয়া অ্যাকশন, বাংলাদেশের হেলথ প্রোজেক্ট) একটি অংশ এবং নাটকটি নির্মিত হচ্ছে যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার আর্থিক সহায়তায়।