উপস্থাপক শিনার সঙ্গে বিচারক শাফিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিনা চৌহানের সঙ্গে শাফিন আহমেদের সেলফি
শিনা চৌহানের সঙ্গে শাফিন আহমেদের সেলফি

ভারতের উপস্থাপক শিনা চৌহানের সঙ্গে বাংলাদেশের দর্শকের পরিচয় একটু পুরোনো। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে তৈরি টিভি অনুষ্ঠান উপস্থাপনা করেছেন তিনি। এরপর তাঁকে দেখা গেছে গানের অনুষ্ঠানেও। তবে এবার তিনি ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ অনুষ্ঠান উপস্থাপনা করতে এসেছেন। আজ শুক্রবার বনানীর এলিট ক্লাবে অনুষ্ঠিত হচ্ছে এই সুন্দরী প্রতিযোগিতার ‘করপোরেট রাউন্ড’। এই রাউন্ড থেকে উপস্থাপনা করবেন শিনা। এরপর তিনি থাকবেন গালা পারফরম্যান্স আর গ্র্যান্ড ফিনালে রাউন্ডে।

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর আয়োজক প্রতিষ্ঠান অন্তর শোবিজের পরিচালক (অপারেশন ও ক্রিয়েটিভ) এবং প্রতিযোগিতার নির্বাহী প্রযোজক তানভীন রাফিক প্রথম আলোকে জানান, ‘করপোরেট রাউন্ড’ থেকে উপস্থাপনা করবেন শিনা। এরপর তিনি থাকবেন গালা পারফরম্যান্স আর গ্র্যান্ড ফিনালে রাউন্ডে। আজ অংশ নিচ্ছেন ১৬ জন। তাঁদের মধ্য থেকে ১০ জনকে নিয়ে ১৭ থেকে ১৯ সেপ্টেম্বর কক্সবাজারের রয়েল টিউলিপে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার গালা পারফরম্যান্স।

শাফিন আহমেদ ও শিনা চৌহান
শাফিন আহমেদ ও শিনা চৌহান

তিনি আরও জানান, চূড়ান্তভাবে নির্বাচিত ১০ জনকে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়ার জন্য মুম্বাই থেকে ঢাকায় এসেছেন নয়নিকা চ্যাটার্জি। তিনি ফেমিনা মিস ইন্ডিয়ার অন্যতম প্রশিক্ষক। ২৬ সেপ্টেম্বর পর্যন্ত তিনি ঢাকায় থাকবেন।

আজ শুক্রবার সন্ধ্যায় ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতার শুটিং শুরু হওয়ার আগে কথা হলো ব্যান্ড তারকা শাফিন আহমেদের সঙ্গে। আজকের ‘করপোরেট রাউন্ড’-এর অন্যতম বিচারক তিনি। এর আগে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায়ও বিচারক হয়েছেন। তাই সুন্দরী প্রতিযোগিতার বিচারকাজ তাঁর কাছে নতুন কিছু নয়। সন্ধ্যায় ফেসবুক পেজে শিনা চৌহানের সঙ্গে তাঁর একটি সেলফি দিয়েছেন। বললেন, ‘এই প্রতিযোগিতার আয়োজকেরা আমাকে গোড়া থেকেই চেয়েছিল। আমি ইচ্ছা করেই এই রাউন্ড বেছে নিয়েছি।’

২৯ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারের নবরাত্রী হলে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে। এখানে নির্বাচিত ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ আগামী ১৮ নভেম্বর চীনের সানাইয়া শহরে অনুষ্ঠেয় ৬৭তম মিস ওয়ার্ল্ডে অংশ নেবেন।