উপস্থাপক শুভ-মিম

আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিমকে এবারই প্রথম অনুষ্ঠান উপস্থাপক হিসেবে দেখা যাবে। প্রথম আলোর সাপ্তাহিক ক্রোড়পত্র নকশার আয়োজনে বিয়ে উৎসবের উপস্থাপনা করবেন তাঁরা। এর আগে শুভ ও মিম একসঙ্গে সিনেমা ও বিজ্ঞাপনচিত্রে জুটি হয়েছেন। ভক্ত ও দর্শকের সামনে নতুন পরিচয়ে আসার এই ব্যাপার নিয়ে দারুণ রোমাঞ্চিত তাঁরা দুজন।
রেডিওর সাবেক কথাবন্ধু আরিফিন শুভর জন্য অনুষ্ঠান উপস্থাপনার ব্যাপারটি নতুন কিছু নয়। চলচ্চিত্রে ব্যস্ত হয়ে ওঠার কারণে অনুষ্ঠান উপস্থাপনাকে পুরোপুরি বিদায় জানান তিনি। তবে টিভি পর্দায় শুভকে সেই অর্থে উপস্থাপক হিসেবে দেখা যায়নি। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আমন্ত্রিত অতিথিরা আজ মঙ্গলবার তাঁকে উপস্থাপক হিসেবে দেখলেও ভক্তদের অপেক্ষা করতে হবে আরও কয়েকটি দিন।
শুভ বললেন, প্রথম আলো তার যাত্রা শুরু থেকে দেশেই বিয়ের বাজার তৈরিতে মানুষকে উদ্বুদ্ধ করে আসছে। সাপ্তাহিক ক্রোড়পত্র নকশায় দেশীয় পোশাকশিল্প নিয়ে নানা প্রতিবেদনও তুলে ধরা হয়। আর দুই বছর ধরে আয়োজন করা হচ্ছে বিয়ে উৎসবের। এ ধরনের একটি অনুষ্ঠান উপস্থাপনা নিঃসন্দেহে অন্য রকম একটি অভিজ্ঞতা হবে।
রেডিওতে কথাবন্ধু হিসেবে শুভকে পাওয়া গেলেও মিম কোনো ধরনের অনুষ্ঠানই উপস্থাপনা করেননি। পুরো ব্যাপারটি তাঁর জন্য একেবারেই নতুন অভিজ্ঞতা। বললেন, ‘আমি কোনো দিনই অনুষ্ঠান উপস্থাপনা করিনি। শুধু প্রথম আলো বলেই সাহসটা করলাম। তারা সবকিছুই অনেক গুছিয়ে করে থাকে। আশা করছি, এটিও দারুণ কিছু একটা হবে।’
পন্ডস-নকশা বিয়ে উৎসবের এই আয়োজন শুধু আমন্ত্রিত অতিথিরাই উপভোগ করতে পারবেন। এ ছাড়া খুব শিগগির চ্যানেল টোয়েন্টিফোরে ধারণকৃত এই অনুষ্ঠান প্রচার করা হবে।