উপস্থাপনায় তিন তারকা

রমজান মাস উপলক্ষে বেশ কয়েকটি টিভি চ্যানেলে প্রচারিত হবে ইফতার ও রান্না নিয়ে নানা ধরনের বিশেষ অনুষ্ঠান। এসব অনুষ্ঠান উপস্থাপনা করবেন বেশ কজন তারকা। মাছরাঙা টিভির জন্য নির্মিত হচ্ছে ‘জিরো কল ড্রিংকস অ্যান্ড ডেজার্ট’ নামের একটি অনুষ্ঠান। এটি উপস্থাপনা করছেন অভিনেত্রী মৌটুসি বিশ্বাস। মুঠোফোনে মৌটুসি বলেন, ‘এর আগেও এই অনুষ্ঠানটি উপস্থাপনা করেছিলাম। সবাই অনেক প্রশংসা করেছিল।’
ছয়টি চ্যানেলে প্রচারের জন্য নির্মিত হয়েছে ‘আরএফএল গ্যাস স্টোভ ভিন্ন স্বাদের ইফতার’ নামের একটি অনুষ্ঠান। ১২ মিনিটের এই অনুষ্ঠান প্রচারিত হবে প্রতিদিন ইফতারের আগে। উপস্থাপনা করেছেন অভিনেত্রী বাঁধন।
অনেক দিন পর রমজান মাসের জন্য নির্মিত একটি অনুষ্ঠানের উপস্থাপক হলেন ফারিয়া শাহরিন। অনুষ্ঠানের নাম ‘উইনার হটপট স্টার কুক কেকাস রেসিপি’। ৩৩টি পর্বের এ অনুষ্ঠান রমজান মাসে একসঙ্গে প্রতিদিন পাঁচটি চ্যানেলে প্রচারিত হবে। এই তিন তারকা শুধু নন, উপস্থাপনার এই তালিকা লম্বা হতে চলেছে আরও।