ঋণ দিতে গিয়ে প্রেম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘মহিলা ঋণদান সমিতি’ টেলিছবিতে মৌসুমী হামিদ ও আনিসুর রহমান মিলন
ছবি: সংগৃহীত

নারীদের স্বাবলম্বী করে তুলতে পাড়ার বেকাররা মিলে খুললেন মহিলা ঋণদান সমিতি। সমিতির সদস্যরা সবাই বেকার। ঋণ দিতে ও নিতে গিয়ে সেখানে অনেকে প্রেমে পড়ে যান, কেউ হন প্রতারণার শিকার।

টেলিছবি ‘মহিলা ঋণদান সমিতি’তে দেখা যাবে লিজার প্রেমে পড়ে যায় বান্টি। লিজার বাড়িতে একের পর এক বিয়ের প্রস্তাব আসতে থাকে। তাই বান্টিকে চাকরি খুঁজে প্রতিষ্ঠিত হতে চাপ দেন তিনি। অথচ বান্টির স্বপ্ন, ঋণদান সমিতি একদিন বড় প্রতিষ্ঠান হয়ে উঠবে।

তাদের সেই আশা আর তাদের পূরণ হয় না। নারী সেজে অনেক পুরুষ এসে ঋণ নিয়ে পালিয়ে যায়। কেউ আবার সমিতির কর্তাদের সঙ্গে প্রেমের অভিনয় করে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেয়। এভাবে ধীরে ধীরে দেউলিয়া হয়ে যায় মহিলা ঋণদান সমিতি।

আনিসুর রহমান মিলন ও মৌসুমী হামিদ
ছবি: সংগৃহীত

টেলিছবির কাহিনি লিখেছেন ইমন চৌধুরী, চিত্রনাট্য সৈয়দ মহিদুর রহমান আর পরিচালনা করেছেন মোহাম্মদ জুয়েল রানা। বান্টি চরিত্রে আনিসুর রহমান মিলন ও লিজা চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী হামিদ। এতে আরও অভিনয় করেছেন ফরুক আহমেদ, আইনূন নাহার, তারিক স্বপন, সাবিনা রনি, নুরুন্নবী, কামরুজ্জামান, লাভলী ইয়াসমিন, সাবিনা ইয়াসমি, নাবিল প্রমুখ। বুধবার বেলা ৩টা ৫ মিনিটে এটি দেখানো হবে চ্যানেল আইতে।