এ ঈদে তারারা কে কোথায়?
কাজের কারণে একেকজনকে হয়তো একেক জায়গায় থাকতে হয়। কিন্তু ঈদে সবাই নাড়ির টানে আপনজনের সঙ্গে ঈদ পালন করতে চলে যান। আমাদের মিডিয়া জগতের মানুষগুলোও এর ব্যতিক্রম নন। তাঁরাও ঈদটা তাঁদের প্রিয় মানুষদের সঙ্গে পালন করারই চেষ্টা করেন। আবার কেউবা ঈদকে বিশ্রামের একটা উপলক্ষও মনে করেন। এবারের ঈদে আমাদের কয়েকজন তারকা কোথায় কীভাবে ঈদ পালন করছেন তা জেনে নেওয়া যাক।

জাহিদ হাসান
ঈদ মায়ের সঙ্গে কাটাতেই পছন্দ করেন অভিনয়শিল্পী জাহিদ হাসান। তাই শত ঝক্কি-ঝামেলার পরও ঈদের দিন মায়ের সঙ্গে থাকা চাই। রয়েছে অন্যসব আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবদের সঙ্গে দেখা করার ব্যাপারটিও। জাহিদ হাসান বলেন, ‘ঈদের দিন মায়ের কাছে থাকাটাই আমার কাছে সবচেয়ে বড় আনন্দের। তাই প্রতিবারের মত এবারের ঈদ নিজ বাড়ি সিরাজগঞ্জেই থাকব। মায়ের হাতের রান্না খুব পছন্দ। বিশেষ করে ঈদের দিনে দুধ-সেমাই।

তিশা
ছোটবেলায় ঈদের সময় অনেক ঘোরাঘুরি করতাম। এখন আর তা হয় না। ব্যস্ততা বেড়ে গেছে অনেকখানি। আর স্বামী মোস্তফা সরয়ার ফারুকী অনেক ব্যস্ত একজন সংস্কৃতিকর্মী। একসঙ্গে দুজনের অবসর খুব কমই মেলে। বিয়ের আগে একভাবে ঈদ করতাম, এখন অন্যভাবে করি। আগে ছিলাম মায়ের মেয়ে, এখন বাড়ির বউ। দায়িত্বও তাই একটু বেশি। ঈদ ঢাকাতেই করব। আড্ডা হবে, খাওয়া-দাওয়া হবে। ঈদের পরপরই আবার শুটিং শুরু হয়ে যাবে। তাই অবসর খুব বেশি মিলছে না।

আনিসুর রহমান মিলন
আমার ঈদ ঢাকাতেই বেশি কাটে। আসলে ছোটবেলায় ঈদের দিনগুলো উপভোগ করতাম। কাজিনদের নিয়ে পুরো সকালটা হৈ-হুল্লোড় করে কাটাতাম। বিকালের দিকে সবাই একসঙ্গে চিড়িয়াখানা, শিশুপার্কে ঘুরতে যেতাম। সন্ধ্যার আগে বাসায় ফিরে আসতাম। সে এক অন্যরকম ঈদ ছিল। বড় হওয়ার পর ঈদ পালনটা বদলেছে। আগের মতো আর আনন্দ হয় না। আমি এবারের ঈদটাও ঢাকায় করছি। ঈদের দিন বন্ধুদের সঙ্গে আড্ডা দেবো, আত্মীয়স্বজনের বাসায় যাব। আর মজা করে খাব। তবে আমার বউ-বাচ্চা দুজনই দেশের বাইরে, তাই তাঁদের জন্য মনটা খারাপ থাকবে।
অপূর্ব
ঈদে আমি ঢাকায় আছি। বন্ধুদের নিয়ে ঘোরার বেশ কিছু মজার স্মৃতি আছে। ঈদের সময়টা আমার জন্য একেবারে আলাদা। সারাদিন শুধু ঘুরে বেড়াতাম। ঢাকার অলিগলি চষে বেড়াতাম। বাবার কাছ থেকে টাকা নিতাম। সেলামির টাকা তো থাকতই। ঘুরতে ঘুরতে সেই টাকায় পছন্দের খাবার কিনতাম। তবে ঢাকার বাইরে ঘুরতে যাওয়া হতো না। এবারের ঈদটাও ঢাকায় করব। আত্মীয়স্বজনের বাড়িতে হয়তো যাব। তবে কদিন আগেই যেহেতু আমি বাবা হয়েছি, তাই এবারের ঈদের অনুভূতিটা অনেক বেশি অন্যরকম আমার জন্য।

মম
ছোটবেলায় প্রতি ঈদেই নানাবাড়ি বেড়াতে যেতাম। কাজিনদের সঙ্গে ঈদের পোশাক নিয়ে প্রতিযোগিতা চলত। জামা-কাপড়ের তুলনায় ঈদের জুতার ব্যাপারে আমার একটু বেশি আগ্রহ ছিল। অন্যগুলো আর যা-ই হোক, যেনতেন জুতা আমি কখনোই নিতাম না। পোশাকের সঙ্গে মিল রেখে জুতা কিনতাম। কেউ জুতায় হাত দিলে রং নষ্ট হওয়ার ভয়ে আমি নতুন জুতা নিয়েই রাতে ঘুমাতাম। নানাবাড়িতে বেড়াতে গেলে অনেক মজা হতো। এবারের ঈদটা ঢাকায় করব। ঈদের পরদিন থেকেই আবার কাজ। ইচ্ছে থাকলেও তাই কোথাও যাওয়া হচ্ছে না।
তাহসান
এবারের ঈদটা বেশ স্মরণীয় আমার জন্য। গানের মানুষ আমি। তিন বছর পর আমার অ্যালবাম প্রকাশ পেয়েছে এই ঈদে। এটা একটা বিশেষ ব্যাপার। আমরা যারা গান করি, তারা যে কত প্রতিকূলতার মাঝে গান করি এটা আসলে আমরাই বুঝি। চারটা নাটকেও অভিনয় করছি ঈদের জন্য। আরেকটা গুরুত্বপূর্ণ কারণে এই ঈদটা একটু আলাদা। আমার মেয়ে। মেয়ের জন্য জামা কেনা, অন্যরকম একটা অনুভূতি। আগে বাবা-মায়ের কাছে আবদার করতাম। এখন মেয়ের জন্যই বেশি চিন্তা। মেয়ে তো এখনই আবদার করতে পারছে না। অপেক্ষা করছি- কবে মেয়ে বড় হবে, কবে তার আবদার শুনব! আগের ঈদ আর এখনকার ঈদের মধ্যে অনেক পার্থক্য। আগে সালামি পেতাম, অথচ এখন দিতে হয়। সালামির ক্ষেত্রে আমার কথা একটাই, পা ছুঁয়ে সালাম করতে হবে। ছোটবেলায় তো আমরা এভাবেই সালামি নিতাম!
সজল
ঈদের আগের দিন কাতারে একটি অনুষ্ঠানে অংশ নিতে যেতে হয়েছে। তাই এবারের ঈদটা কাতারেই করতে হয়েছে। ঢাকায় ফিরে এক সপ্তাহের মতো কোনো কাজ করব না। নাটক আর সিনেমার কাজ নিয়ে গত একটা বছর ভালোই ব্যস্ততার মধ্য দিয়ে পার করতে হয়েছে। তাই এই কটা দিন শুধুই বিশ্রাম। আর হয়তো সিনেমা দেখা আর বই পড়া। বলতে পারেন এই কয়েকটা দিন একান্তই নিজের মতো করে থাকা। পুরোনো বন্ধুদের সঙ্গে দেখা করতে হবে। এছাড়া টিভির অনুষ্ঠান দেখার চেষ্টা করব। নিজের অভিনীত নাটকগুলো তো আছে।
বাঁধন
শুটিংয়ের কারণে পরিবারকে ঠিকমতো সময় দিতে পারি না। তাই ঈদের সময়টুকু পরিবারের সঙ্গে থাকতে চাই। আগে ঈদ ছিল নিজের আনন্দের জন্য। তা আনন্দ এখন বড় দায়িত্বে পরিণত হয়েছে। এই দায়িত্বের জায়গা থেকেই আমি আমার পরিবারের সঙ্গে ঈদের সময়টুকু কাটাতে চাই। ঈদের দিন সকাল থেকে রাত পর্যন্ত আমি আমার মেয়ের সঙ্গে থাকতে পারব, এটাই আমার ঈদ আনন্দ।
মাহিয়া মাহি
আমার দাদাবাড়ি রাজশাহীতে। ঢাকায় থাকলেও ঈদে রাজশাহী আসা চাই। তাই ঈদ করতে রাজশাহী চলে এসেছি। হাতে অনেক কাজ থাকলেও গ্রামে আসার সুযোগটা মিস করতে চাইনি। চার দিন ছুটি। পুরো সময়টা পরিবারের সবার সঙ্গে কাটাব। পরিবারের সঙ্গে ঈদ কাটানোর মজাই আলাদা।
মৌসুমী হামিদ
ঈদের দিনটা আমার কাছে অন্যরকম। ছোটবেলায় এই দিনটির জন্য মুখিয়ে থাকতাম। নতুন জামা পরে পরিবারের সঙ্গে ঘুরতে বের হতাম। আত্মীয়স্বজনের বাসায় বেড়াতে যেতাম। আমাদের বাড়িটাও আত্মীয়স্বজনে গিজগিজ করত। সমবয়সী কাউকে পেলেই তার সঙ্গে খেলতাম। প্রতিবারের মতো এবারের ঈদটাও গ্রামের বাড়ি খুলনাতে করছি। সারা বছর যেখানেই থাকি না কেন, ঈদে আমাকে খুলনায় থাকা চাই। একবারও এর ব্যতিক্রম ঘটেনি। শুটিং থাকলে তা বাতিল করে হলেও খুলনায় যাই। এবার গ্রামে বেশ কিছু জায়গায় ঘোরার পরিকল্পনা আছে। আমার বয়সী অনেক বন্ধু আছে সেখানে। ওরা আমার পথ চেয়ে থাকে। ঈদ ছাড়া তো আর সচরাচর গ্রামে যাওয়া হয় না।
স্বাগতা
আমার কাছে ঈদ মানেই শান্তির ঘুম। পরিবারের সঙ্গে থাকতে পারি অনেকটা সময়, এটা ঈদের আনন্দের মধ্যে অন্যতম। ঈদে ভাল লাগার মুহূর্ত বলতে পারব না, তবে একটা তৃপ্তি অনুভব করি যখন মনে হয় আমাকে কেউ শটের জন্য ডাকে না। অর্থাত্ শুটিংয়ের জন্য আমার কোন পিছুটান থাকে না।

কোনাল
ঈদ সাধারণত ঢাকাতেই করি। আমার দাদা এবং নানাবাড়ির সবাই ঢাকার মোহাম্মদপুরে থাকেন। চার বছর বয়সে আমি কুয়েতে চলে যাই। ২০০৯ সালে সেরাকণ্ঠে অংশ নেওয়ার আগে কুয়েত থেকে ঢাকায় চলে আসি। এরপর আম্মু-আব্বু ও ছোট ভাইয়ের সঙ্গে ঈদ করাটা সেভাবে হত না। এবার আম্মু এবং ছোট ভাই অর্কসহ একসঙ্গে ঢাকায় ঈদ পালন করছি। তবে চাকরির কারণে আব্বুকে কুয়েতে থাকতে হয়েছে। তাই আব্বুর জন্য মনটা খারাপ। সবাই মিলে একসঙ্গে ঈদের দিনটা কাটাতে পারলে খুব ভালো লাগত। আশা করছি কোরবানির ঈদটা আম্মু-আব্বু ও ছোটভাইসহ সবাই মিলে একসঙ্গে কাটাতে পারব।