এই ঈদে ছোটগল্প নিয়ে উৎসব
ছয়জন সাহিত্যিকের ছয়টি ছোটগল্পকে নাটকে রূপান্তর করা হবে। আগামী ঈদে এই নাটকগুলো নিয়েই আরটিভিতে আয়োজন করা হবে এক বিশেষ উৎসব। উৎসবের আয়োজন করছে এশিয়াটিক মাইন্ডশেয়ার।
বাছাই করা ছয়টি ছোটগল্পের মধ্যে রয়েছে হুমায়ূন আহমেদের ‘এসো’। এটির নির্দেশনা দেবেন মেহের আফরোজ শাওন। আক্তারুজ্জামান ইলিয়াসের ‘প্রেমের গপ্প’-এর নির্দেশনা দেবেন গোলাম সোহরাব দোদুল। কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের গল্প ‘মন তার শঙ্খিনী’ পরিচালনা করবেন বদরুল আনাম সৌদ। আনিসুল হকের ‘বিকেল বেলার গল্প’–এর নির্দেশনা দেবেন হিমেল আশরাফ। নির্মাতা আশফাক নিপুণ নির্মাণ করবেন ইমদাদুল হক মিলনের ‘ও রাঁধা ও কৃষ্ণ’ গল্প নিয়ে নাটক। আর মঈনুল আহসান সাবেরের ‘এই গল্পটা শেষ হয়ে গেল’ গল্পটি অবলম্বনে নাটক পরিচালনা করবেন ওয়াহিদ তারেক।
আরটিভি ও এশিয়াটিক মাইন্ডশেয়ার লিমিটেড থেকে জানানো হয়, ছোটগল্প নিয়ে নির্মিত নাটকগুলো প্রচারিত হবে ঈদের ছয় দিনের বিশেষ অনুষ্ঠানমালায়। প্রতিদিন রাত ১০টায় দেখানো হবে নাটকগুলো।