এই ঈদে মোশাররফকে নিয়ে উৎসব!

ঈদ মানেই মোশাররফ করিমের নাটক। তাঁর অভিনয় করা হাসির নাটকগুলো পৌঁছে যায় বিভিন্ন শ্রেণির, বিভিন্ন বয়সের দর্শকের কাছে। তাই এবারের ঈদে মোশাররফ করিমকে নিয়ে সাত দিনের কমেডি উৎসবের আয়োজন করা হচ্ছে। এই কাজটি করছে এশিয়াটিক মাইন্ডশেয়ার।
আগামী ঈদুল ফিতরের অনুষ্ঠানমালায় টানা সাত দিন টেলিভিশনে প্রচারের জন্য সাতটি নাটক তৈরি করা হচ্ছে। সাতটি নাটকেই মূল চরিত্রে অভিনয় করবেন মোশাররফ করিম। এসব তথ্য জানালেন এশিয়াটিক মাইন্ডশেয়ারের হেড অব কনটেন্ট মারুফ রেহমান। নাটকগুলোর পরিকল্পনাও তাঁর। কোন চ্যানেলে দেখানো হবে নাটকগুলো কিংবা এর পরিচালক হিসেবে কারা থাকছেন, এ বিষয়ে এখনো কিছু নির্ধারণ করা হয়নি বলে জানানো হয়েছে। তবে কিছুদিনের মধ্যে এসব বিষয়ে সিদ্ধান্ত নিয়েই নাটকগুলোর শুটিং শুরু হবে। মারুফ জানান, একেকটি নাটক হবে কমেডির একেক ঘরানার। যেমন ইমোশনাল কমেডি, অফিস কমেডি, হরর কমেডি ইত্যাদি।
সাতটি নাটকে মোশাররফ করিমের সহশিল্পী হিসেবে থাকছেন ইরেশ যাকের, শাহাদাত, জুঁই, রুনা খান, সানজিদা প্রীতি প্রমুখ।