এই ঈদেও তাহসান-মিথিলা

ল্যান্ডফোনের দিনগুলোতে প্রেম কিংবা সে এবং সে-এর কথা মনে আছে নিশ্চয়ই? সত্যিকারের যুগল তাহসান-মিথিলাকে পর্দায়ও দর্শকেরা নিয়েছিলেন ভালোভাবে। তবে হাতে গোনা কয়েকটি নাটক ছাড়া এই জুটিকে পর্দায় পাওয়া যায় না সচরাচর। টিভিতে তাঁদের দেখতে হলে অপেক্ষা করতে হয় বিশেষ কোনো দিনের। হোক তা ভালোবাসা দিবস, পয়লা বৈশাখ কিংবা ঈদ। আসছে ঈদে তাই তাহসান-মিথিলা জুটিকে দেখা যাবে নতুন নাটকে। নাম সুখের ছাড়পত্র।
এনটিভির জন্য নাটকটি নির্মাণ করছেন আশফাক নিপুণ। নাটকটি লিখেছেন নিপুণ এবং জাহিদুল হক অপু। নাটকে তাহসানকে দেখা যাবে মার্কিন নাগরিকত্ব পাওয়া অবিবাহিত বাংলাদেশি তরুণের চরিত্রে। তিনি বাংলাদেশে মামাবাড়িতে ঈদ করতে আসেন। আর তাঁকে ঘিরেই শুরু হয় যত নাটকীয়তা।
বিশেষ দিনেই কেন পর্দায় হাজির হন তাহসান-মিথিলা জুটি? এমন প্রশ্ন ছুড়ে দিলে তাহসান বলেন, ‘পুরো বছর আমরা কেউই নিয়মিত অভিনয় করি না। বছরজুড়ে অপেক্ষায় থাকি ভালো কাজের। তাই ভালো কাজের জন্য আমাদের নজর থাকে বিশেষ দিনকে ঘিরে তৈরি এই নাটকগুলোতে। বেশি বেশি কাজ করলে তো দর্শকদের কাছে একসময় গ্রহণযোগ্যতা কমে যেতে পারে।’
পরিচালক জানান, সম্প্রতি শেষ হয়েছে নাটকটির শুটিং। তাহসান-মিথিলা ছাড়া এই নাটকের বেশির ভাগ শিল্পীই নতুন। ঈদের চতুর্থ দিন সুখের ছাড়পত্র এনটিভিতে দেখানো হবে।