এই ছবিতে আমি ক্যামেরাম্যান-মেহ্‌জাবীন

অভিনেত্রী মেহ্‌জাবীন চৌধুরী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেছনে জলরাশি। দিগন্ত ছুঁয়েছে নীল আকাশ। সামনে বাবার সঙ্গে তিন কন্যা। ফেসবুকে এমন কয়েকটি ছবি শেয়ার করেছেন অভিনেত্রী মেহ্‌জাবীন চৌধুরী। ক্যাপশনে লিখেছেন ‘হ্যাপি ডটার ডে’। কিছু ছবিতে দেখা গেছে, একা একা সমুদ্রের ধারে বালুমাখা পথে দাঁড়িয়ে মেহ্‌জাবীন। বিদায়ী সূর্যকে সাক্ষী রেখে নানা ভঙ্গিতে নিজেকে প্রকাশ করেছেন। পর্দার চেনা মেহ্‌জাবীনকে এসব ছবিতে একটু অচেনা, অন্য রকম লাগে। বেশির ভাগ সময় মেহ্‌জাবীনের ফেসবুকে নাটকের শুটিংয়ের ছবি বা পেছনের গল্প নিয়েই সহকর্মীদের ছবিই দেখা যায়। এবার ব্যতিক্রম।

বাবার সঙ্গে কক্সবাজারে মেহজাবীন ও তাঁর দুই বোন
ছবি : সংগৃহীত

কোথায় মেহ্‌জাবীন? তাঁকে ফোন করে জানা গেল বিস্তারিত। তিন দিন আগে পরিবারের সঙ্গে কক্সবাজার গিয়েছেন ঘুরতে। সঙ্গে আছেন মা–বাবা, তিন বোন ও দুই ভাই। তিনি বলেন, ‘অনেক দিন থেকেই ভাবছিলাম, পরিবারের সবার সঙ্গে কোথাও ঘুরতে যাব। কিন্তু আমার শুটিং, ভাইবোনদের ক্লাসসহ নানা কারণে সবার একসঙ্গে সময়টা মিলছিল না। এবার কাকতালীয়ভাবে মিলে গেছে। সময়টা হাত ছাড়া করতে চাইনি। তাই দল বেঁধে কক্সবাজারে চলে এসেছি।’ করোনা অতিমারির আগে সর্বশেষ পরিবারের সঙ্গে থাইল্যান্ডে ঘুরতে গিয়েছিলেন মেহ্‌জাবীন।

কক্সবাজারে মেহ্‌জাবীন
ছবি : সংগৃহীত

মেহ্‌জাবীন জানালেন, কক্সবাজারে তাঁদের দারুণ সময় কাটছে। তিনি বলেন, ‘দল বেঁধে আমরা সমুদ্রের বিচ এলাকায় ঘুরছি। সমুদ্রের দিগন্তছোঁয়া জলরাশি, সমুদ্রের ঢেউ, ওপরে আকাশ দেখে দেখে দারুণ সময় কাটছে।’ তাঁর মতে, সময় পেলে সবারই উচিত ঘুরতে বের হওয়া। মন ভালো থাকে। পরবর্তী সময়ে কাজে প্রাণশক্তি বাড়ে।
ঘুরতে–ফিরতে মেহ্‌জাবীনরা একটি স্থানীয় বিনোদনকেন্দ্রে গিয়েছিলেন। তবে তিনি কোনো রাইডে ওঠেননি। হাসতে হাসতে তিনি বলেন, ‘ওসব আমার দ্বারা হবে না। ছোট ভাইবোনেরা খেলেছে। আমি সবার ছবি তুলেছি। এই ছবিতে আমি ক্যামেরাম্যান। ছবি তোলার দায়িত্বে আছি, হা হা হা!’

কক্সবাজারে মেহ্‌জাবীন
ছবি : সংগৃহীত

বৃহস্পতিবার ঢাকায় ফিরবেন। এসেই শুটিংয়ে ঝাঁপিয়ে পড়বেন। ২ অক্টোবর থেকে নাটকের শুটিং শুরু হতে পারে। কক্সবাজার যাওয়ার আগে ‘হেল্প মি’ নামে এক ঘণ্টার একটি নাটকের শুটিং শেষ করেন এই অভিনেত্রী। কাজল আরেফিন অমির পরিচালিত নাটকটিতে তাঁর বিপরীতে আছেন আফরান নিশো।