এই প্রজন্মের জন্য একুশের নাটক

একুশে ফেব্রুয়ারি উপলক্ষে ক্যাম্পাসে মঞ্চস্থ হবে নাটক কবর। পাকিস্তানি বংশোদ্ভূত উপাচার্য তা মানবেন কেন? নানাভাবে তিনি একে বাধাগ্রস্ত করতে চাইলেন। এ নিয়েই গল্প। ভাষা আন্দোলনের নাটক মঞ্চায়ন নিয়ে নির্মিত হলো অমর একুশের টিভি নাটক আলো। প্রধান চরিত্রগুলোতে অভিনয় করেছেন তারিক আনাম খান, জাকিয়া বারী মম ও সুজাত শিমুল।
চলতি মাসের শুরুর দিকে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে হয়ে গেল এর দৃশ্য ধারণ। গল্পটি বিশেষভাবে ভালো লেগেছে অভিনেতা তারিক আনাম খানের। তিনি বলেছেন, ‘মঞ্চের মানুষ হিসেবে কবর নাটক ও ভাষা আন্দোলন এই নাটকের প্রেক্ষাপট হওয়ায় আমার আগ্রহ বেড়েছে।’ শুটিংয়ের জন্য রাত জেগে কাজ করেছেন অভিনেত্রী মম। তিনি বলেন, ‘ভালো পাণ্ডুলিপি পেলে সময় ও শ্রম দিতে খারাপ লাগে না।’
আলো নাটকের চিত্রনাট্যকার ও অভিনেতা সুজাত শিমুল বলেন, একুশের কবিতা ‘কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি’ এবং কবর নাটকটিকে উপজীব্য করেই গল্পটি। এটি তরুণদের ভেতর একুশের মর্ম গেঁথে দেওয়ার একটি প্রচেষ্টা।
নাটকটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। একুশে ফেব্রুয়ারি আরটিভিতে দেখানো হবে এটি।