এক অনুষ্ঠানের দুই উপস্থাপক

একসঙ্গে একটি অনুষ্ঠানের উপস্থাপনা করলেন অভিনেত্রী মুমতাহিনা টয়া ও সোনিয়া হোসাইন। অনুষ্ঠানের নাম ‘লাক্স স্টাইল চেক’। লাইফস্টাইল-বিষয়ক এই অনুষ্ঠানটি গ্রন্থনা ও পরিকল্পনা করেছেন অভিনেত্রী তানিয়া আহমেদ। এটি প্রচারিত হবে ঈদের আগের ১৫ দিন। এতে থাকবে ঈদের সাজগোজ ও তারকাদের সঙ্গে আড্ডা।
অনুষ্ঠানটি উপস্থাপনা করা প্রসঙ্গে টয়া বলেন, ‘এ ধরনের অনুষ্ঠানের উপস্থাপনা আগে করিনি। শুরুতে একটু ভয় ছিল। কিন্তু সবার সহযোগিতা নিয়ে অনেক ভালো একটি কাজ হয়েছে।’ অনুষ্ঠানের প্রতিটি পর্বে উপস্থিত থাকবেন একজন করে তারকা। তাঁদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবেন দুই সঞ্চালক।
পরিচালক জানিয়েছেন, তাঁদের এই অনুষ্ঠানের প্রতিটি পর্ব একই দিনে প্রায় ১৮টি চ্যানেলে প্রচারিত হবে।
সোনিয়া বললেন, ‘আমাকে একসঙ্গে এতগুলো চ্যানেলে দেখা যাবে, এটা সত্যি আনন্দের। এ জন্যই খুব আগ্রহ নিয়ে কাজটি করেছি।’
এরই মধ্যে রাজধানীর একটি স্টুডিওতে অনুষ্ঠানটির শুটিংয়ের কাজ শেষ হয়েছে। প্রচার শুরু হবে ১৬ রমজান থেকে।