এক ঘণ্টার কাহিনিচিত্র উৎসব শুরু
এক ঘণ্টার কাহিনিচিত্র ‘বেঁচে থাকুক যুগ যুগ ধরে’ স্লোগানে শুরু হলো চারুনীড়ম টেলিভিশন কাহিনিচিত্র উৎসব। আট দিনের এ উৎসবের শুরু হয় আজ বৃহস্পতিবার। সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে অনুষ্ঠিত উৎসবের আয়োজক চারুনীড়নম ইনস্টিটিউট।
২০০৮ সালে টিভি চ্যানেলগুলোয় এক ঘণ্টার নাটক প্রচার বন্ধ হয়ে গেলে এক ঘণ্টার নাটক বাঁচাতে নেওয়া হয় এ উদ্যোগ। ২০০৯ সাল থেকে অনুষ্ঠিত হয়ে আসছে এ উৎসব ‘চারুনীড়ম টেলিভিশন কাহিনিচিত্র পুরস্কার’। তারই ধারাবাহিকতায় ২০১৫ সালে প্রচারিত নবীন ও প্রবীণ নির্মাতাদের ৩০টি এক ঘণ্টার কাহিনিচিত্র দিয়ে সাজানো হয়েছে এবারের উৎসব।
আজ বৃহস্পতিবার বিকেলে গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে উৎসবের উদ্বোধন হয়। উদ্বোধনী আয়োজনে অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলাম, নাট্যব্যক্তিত্ব ম. হামিদ, চলচ্চিত্র গবেষক ও নির্মাতা মানজারে হাসীন মুরাদ, নাট্যকার মাসুম রেজা, চলচ্চিত্রকার শামীম আকতার, অভিনেতা ও নির্দেশক আজাদ আবুল কালাম, অভিনেত্রী রোকেয়া প্রাচী, পরিচালক গোলাম সোহরাব দোদুল, চলচ্চিত্র পরিচালক ও শিক্ষক মতিন রহমান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন অ্যান্ড ফিল্ম স্টাডিজ বিভাগের প্রভাষক ইমরান হোসেইন।
উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে প্রদর্শিত হয় রবীন্দ্রনাথ ঠাকুরের কাহিনি অবলম্বনে গোলাম সোহরাব নির্মিত ‘প্রণয়িনী’ এবং সুমন আনোয়ারের কাহিনি ও চিত্রনাট্যে নির্মিত ‘শেফালি’ শীর্ষক দুটি নাটক।
কাল শুক্রবার উৎসবের দ্বিতীয় দিন প্রদর্শনী শুরু হবে সন্ধ্যা ছয়টায়। দেখানো হবে মলিনার ‘এক রাত্রি’, ‘ক্রাইম রুম’, ‘দূরের পাঠশালা’ ও ‘অনিন্দিতা’ শিরোনামের চারটি নাটক। শিক্ষার্থীরা ৩০ টাকা এবং সাধারণ দর্শকেরা ৫০ টাকা দর্শনীর বিনিময়ে প্রতিদিন প্রদর্শনীগুলো উপভোগ করতে পারবেন।