এক দৃশ্যের নাটকে সুবর্ণা মুস্তাফা

পুরো নাটকে দৃশ্য মাত্র একটি! অভিনয়শিল্পী দুজন। দৃশ্য একটি হলেও নামটি বেশ লম্বা— ‘বিপন্নতায় এটি একটি গল্প হয়ে উঠতে পারতো’। এক দৃশ্যের দীর্ঘ শিরোনামের এক ঘণ্টার এই নাটকে অভিনয় করেছেন সুবর্ণা মুস্তাফা ও শ্যামল মাওলা।
একটি বিদেশি গল্পের ছায়া অবলম্বনে নাটকটির চিত্রনাট্য লিখেছেন সেলিম আহমেদ। নাটকটি পরিচালনা করছেন গোলাম মুক্তাদির। রাজধানীর উত্তরায় গত বৃহস্পতিবার থেকে নাটকটির শুটিং শুরু হয়েছে।
নাটক প্রসঙ্গে গোলাম মুক্তাদির বলেন, ‘এক রাতের গল্প নিয়েই এ নাটকের দৃশ্যধারণের কাজ চলছে। এখানে সুবর্ণা মুস্তাফা অভিনয় করেছেন একজন পতিতার চরিত্রে, আর শ্যামল মাওলার চরিত্রটি চোরের।’
পরিচালক জানিয়েছেন, নাটকের গল্পে দেখা যাবে সুবর্ণা মুস্তাফার বাড়িতে চুরি করতে এসে ধরা পড়ে যান শ্যামল মাওলা। এরপরই ঘটতে থাকে নানা ঘটনা। তিনি বলেন, ‘এ নাটকের শুরুটা হাস্যরসাত্মক হলেও এর শেষদিকে এসে দর্শক একটি বার্তা পাবেন।’
এদিকে, সুবর্ণা মুস্তাফার সঙ্গে কাজ করতে পেরে রীতিমতো উচ্ছ্বসিত অভিনয়শিল্পী শ্যামল মাওলা। কথা প্রসঙ্গে তিনি বলেন, ‘অভিনয় করছি বেশ কিছুদিন ধরে। কখনো সুবর্ণা আপার সঙ্গে সামনাসামনি দেখা হয়নি। এ নাটকে অভিনয়ের দিনই তাঁকে প্রথম সামনাসামনি দেখি। আমার তো হাত-পা কাঁপছিল। সুবর্ণা আপার মতো অসাধারণ অভিনয়শিল্পীর সঙ্গে কাজ করব এটা ভাবনারও বাইরে ছিল।’ শ্যামল বলেন, ‘সুবর্ণা আপা আমাকে অভিনয় করতে অনেক সহযোগিতা করেছেন।’
এই নাটকে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে শ্যামল মাওলা বলেন, ‘এক কথায় অসাধারণ। তবে চ্যালেঞ্জটা ছিল অনেক বেশি। একে তো সহশিল্পী সুবর্ণা মুস্তাফা, ৬০ মিনিটের নাটকে মাত্র একটিমাত্র দৃশ্য, সঙ্গে আবার ময়মনসিংহের ভাষা। পুরো ব্যাপারটি সামলে নিতে পেরেছি শুধুমাত্র সুবর্ণা আপার অসাধারণ সহযোগিতা পেয়ে।’
‘বিপন্নতায় এটি একটি গল্প হয়ে উঠতে পারতো’ নামের এ নাটকটি গাজী টিভিতে প্রচারিত হবে বিরতিহীন নাটক হিসেবে।