এক ফ্রেমে ভাইবোন

ভাই ইরেশ যাকেরের সঙ্গে কাজ করবেন। তাই অভিনেতা ভাইয়ের ব্যাপারে জানতে চাইলে খুব গুছিয়েই শ্রিয়া বললেন, ‘ইরেশের সঙ্গে অভিনয় করাটা আমার জন্য অনেক বড় চ্যালেঞ্জ। সে অনেক দিন ধরে অভিনয় করছে। অভিনেতা হিসেবে সে নিজেকে খুব ভালো একটি অবস্থানে নিয়ে গেছে। তাই তঁার সঙ্গে একই নাটকে, একই ফ্রেমে কাজ করার সুযোগ পাওয়া আমার জন্য বিশেষ কিছু।’ হ্যাঁ, ভাইবোন জুটি ইরেশ যাকের ও শ্রিয়া সর্বজয়া এত দিনে একসঙ্গে অভিনয়ের সুযোগ পেলেন। ঈদে প্রচারের জন্য তৈরি নাটক আবারো রূপবান-এ একসঙ্গে দেখা যাবে তাঁদের। নাটকটি তৈরি করছেন মাবরুর রশিদ বান্নাহ।
গতকাল থেকে শুরু হয়েছে আবারো রূপবান নাটকের শুটিং। গত বছরের ঈদে দেশ টিভিতে প্রচারিত হয় একজন রূপবানের গল্প নামের একটি নাটক। সেই নাটকের পরের কিস্তি হিসেবেই তৈরি হচ্ছে এবারের এক পর্বের আবারো রূপবান। এবারের নাটকটিও প্রচারিত হবে দেশ টিভিতে। নাটকের পরিচালক বান্নাহ বলেন, ‘গত ঈদে নাটকটি প্রচারের পর দর্শক প্রতিক্রিয়া ও পরবর্তী সময়ে ইউটিউবের হিট দেখে চ্যানেল কর্তৃপক্ষ ও আমরা সিদ্ধান্ত নিলাম রূপবানের গল্পকে এগিয়ে নেওয়ার। এ জন্যই এবার তৈরি করছি আবারো রূপবান।’ গতবারের মতো এবারও নাটকের গল্প-ভাবনা পরিচালক বান্নাহর। নাটকটি রচনা করেছেন তুহিন রাসেল।
শ্রিয়া গতকাল থেকে নাটকটির শুটিং শুরু করলেও ইরেশের অংশের কাজ শুরু হবে আজ থেকে। ইরেশের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এর আগে একটি নাটকে আমি ও শ্রিয়া ভাইবোন চরিত্রেই অভিনয় করেছিলাম। তবে সেবার ক্যামেরার সামনে একই ফ্রেমে আমাদের দাঁড়ানোর সুযোগ হয়নি। এবার সেই সুযোগটি পেতে যাচ্ছি।’ রূপবান-এও কি তাহলে ইরেশ শ্রিয়ার ভাই হয়ে পর্দায় হাজির হচ্ছেন? না, এই রহস্যের গোমর কেউ ফাঁস করলেন না। না ইরেশ, না শ্রিয়া আর না পরিচালক বান্নাহ!