এক বছরের জন্য নিষিদ্ধ হতে পারেন প্রসূন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রসূন আজাদ
প্রসূন আজাদ

নাটকে অভিনয়ের ক্ষেত্রে আগামী এক বছরের জন্য নিষিদ্ধ হতে পারেন অভিনয়শিল্পী প্রসূন আজাদ। এমন সিদ্ধান্ত নিতে চলেছে টেলিভিশন নাট্যনির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড। প্রসূন আজাদকে নিয়ে রোকেয়া প্রাচীর অভিযোগের কারণে তিন দিনের সময় দিয়ে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল এই সংগঠন। তিন দিন শেষ হয়েছে ২৮ অক্টোবর। তিন দিনের মধ্যে প্রসূন যোগাযোগ করেননি বলে জানিয়েছেন ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক এস এ হক অলিক।
অলিক বলেন, পরিচালক ও প্রযোজকের সঙ্গে ঝামেলা হয়েছে—এ ব্যাপারে প্রসূনের ব্যাখ্যা দেওয়াটা জরুরি ছিল। কিন্তু তিনি তা করেননি। পরে তাঁর ফেসবুক থেকে খুব আপত্তিকর স্ট্যাটাস আসে, যা এই ইন্ডাস্ট্রির সবার জন্য খুবই লজ্জার। সেটাকে কেন্দ্র করে তাঁর কাছে যখন চিঠি দেওয়া হয়, তখনো তিনি উত্তর না দিয়ে চুপ থাকেন। এটা সংগঠনকে অবমাননা, অশ্রদ্ধা ও গুরুত্বহীন ভাবা। এ কারণে আগামী এক বছর ডিরেক্টরস গিল্ডের কোনো সদস্য তাঁকে নিয়ে প্রোডাকশন তৈরি করতে পারবেন না। এ ব্যাপারে টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ও অভিনয়শিল্পী সংঘের সম্মতি রয়েছে।
আজকের মধ্যেই প্রসূনের কাছে নিষিদ্ধ হওয়ার ব্যাপারে চিঠি যাবে বলে জানিয়েছেন অলিক।
যোগাযোগ করা হলে প্রসূন আজাদ বলেন, ‘আমার এক বড় ভাই ডিরেক্টরস গিল্ডের সঙ্গে যোগাযোগ করেছেন। সবাই মিলে বসে খুব তাড়াতাড়ি সমাধান করা হবে।’
উল্লেখ্য, স্বপ্ন সত্যি হতে পারে নামের একটি নাটকের শুটিংকে কেন্দ্র করে নির্মাতা ও প্রযোজক রোকেয়া প্রাচীর সঙ্গে অভিনেত্রী প্রসূন আজাদের কথা-কাটাকাটি হয়। পরে দুজনই পাল্টাপাল্টি অভিযোগ করেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। এর জের ধরে প্রসূন আজাদের বিরুদ্ধে ১৯ অক্টোবর রোকেয়া প্রাচী অভিযোগ করেন নাটকের তিন সংগঠনের কাছে।