এক মঞ্চে তাঁদের নাচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেরদৌস,জয়া
ফেরদৌস,জয়া

একাধিক বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া গেরিলায় পর্দা ভাগাভাগি করতে দেখা গেছে তাঁদের। কিন্তু একই মঞ্চে এর আগে দেখা যায়নি ফেরদৌস-জয়ার কোনো পরিবেশনা। তাই এবারের বিটিভির ঈদ ‘আনন্দ মেলা’য় একসঙ্গে এই দুই অভিনয়শিল্পীকে নিয়ে বিশেষ পরিবেশনা দেখা যাবে।
তাঁদের পরিবেশনাটি নিয়ে ফেরদৌস বলেন, ‘আমাদের দুজনের অভিনীত চলচ্চিত্র থেকে নির্বাচিত তিনটি গান নিয়ে একটি মেডলি করা হয়েছে। এই মেডলির ওপর কোরিওগ্রাফি। মিউজিক ভিডিওর আদলে এটি তৈরি করা হয়েছে।’ তিনি জানান, পুরো মিউজিক ভিডিওটির নির্দেশনা দিয়েছেন কৌশিক হোসেন তাপস। ‘এই অনুষ্ঠানের যিনি উপস্থাপক, তাঁর অনুরোধেই কাজটি করেছি। আর ফেরদৌসের সঙ্গে কাজ করার মজাই আলাদা। কাজে সহযোগিতার ব্যাপারে তিনি ভীষণ আন্তরিক’, বললেন জয়া।
বিটিভির থিয়েটার অডিটোরিয়ামে গত রোববার ফেরদৌস ও জয়ার নাচের পরিবেশনার শুটিং হয়। এবারের আনন্দ মেলা উপস্থাপনা করছেন আবেদ খান। অনেক বছর আগে তিনি একবার আনন্দ মেলা উপস্থাপনা করেছিলেন। আনন্দ মেলা প্রযোজনা করছেন মাহফুজা আক্তার। এটি প্রচারিত হবে ঈদের রাতে।