এক যুগ পর তনিমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তনিমা হামিদ
তনিমা হামিদ

অভিনয়ে অনেকটাই অনিয়মিত তনিমা হামিদ। নিজেকে পুরোপুরিভাবে শিক্ষকতার পেশায় ব্যস্ত রাখছেন এখন। এরই ফাঁকে একটি বিজ্ঞাপনচিত্রের কাজ করে ফেললেন তনিমা। এটি তাঁর এক যুগ পর বিজ্ঞাপনচিত্রে ফেরা। ঢাকার তেজগাঁওয়ের কোক স্টুডিওয়ে হয়েছে চিত্রায়ন। নির্মাতা রনি ভৌমিক।
দীর্ঘদিন পর কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে তনিমা বলেন, ‘বেশ কিছুদিন ধরেই বিজ্ঞাপনচিত্রটির ব্যাপারে পরিচালকের সঙ্গে আমার কথাবার্তা চলছিল। আমি তো শুরুতে রাজি ছিলাম না। পরে রনির কিছু আগের কাজ দেখে মনে হয়েছে, তাঁকে দিয়েই হবে। তারপর আবার কয়েক দফা কথাবার্তার পর কাজটি করতে রাজি হই। পুরো কাজটা শেষ করার পরও আমার মধ্যে কেন জানি একটা কনফিউশন কাজ করেছে। তবে সবাই বলেছে—ভালো হয়েছে।’
নাটকে অভিনয় শুরু করার আগে বিজ্ঞাপনচিত্রে কাজ করেন তনিমা। সেটা সেই ১৯৯৯ সালের কথা। তনিমার বিজ্ঞাপনচিত্রের নির্মাতা মাসুম আজিজ। বছর তিনেক পরে কাজী ইলিয়াস কল্লোলের নির্দেশনায় একটি টেলিভিশনের বিজ্ঞাপনচিত্রে কাজ করে। এরপর আর নতুন কোনো বিজ্ঞাপনচিত্রে দেখা যায়নি তাঁকে। দীর্ঘ বিরতির কারণ প্রসঙ্গে তনিমা বলেন, ‘২০০২ সালে লাক্সের বিজ্ঞাপনের জন্য এশিয়াটিকের সঙ্গে আমার চুক্তি হয়। বছর পেরিয়ে গেলে চুক্তি নবায়ন করা হয়। তিন বছর এভাবে চলতে থাকার পর একটা সময় চুক্তি বাতিল হয়। শেষ পর্যন্ত, আমার আর লাক্সের বিজ্ঞাপনচিত্রে কাজ করা হয়নি।’
তনিমা বলেন, ‘মজার ব্যাপার হচ্ছে, চুক্তি হওয়ার পর আরও অনেক বিজ্ঞাপনচিত্রে কাজ করার প্রস্তাব আসে। সবাইকে আমি বিনয়ের সঙ্গে না করি। এভাবে চলতে থাকার পর একটা সময় অনেকে ভাবতে থাকেন, আমি বোধ হয় আর বিজ্ঞাপনচিত্রে কাজ করব না। এরপর অনেক বছর পর্যন্ত আমাকে আর কেউ বিজ্ঞাপনচিত্রে কাজ করার প্রস্তাব দেয়নি। আমিও আমার মতো করে ব্যস্ত হয়ে পড়ি। বছর চারেক ধরে আবার অনেকে আমার সঙ্গে যোগাযোগ করতে থাকেন। কিন্তু পণ্য পছন্দ হয় তো নির্মাতার সঙ্গে বনিবনা হয় না। আবার কখনো নির্মাতার কথা ভালো লাগলেও পণ্য পছন্দ হয় না। তাই কাজও করা হয়নি।’
তনিমা হামিদ এখন অভিনয় থেকে পুরোপুরিভাবে দূরে সরে আছেন। ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে সোশ্যাল রিশেলন বিষয়ে প্রভাষক হিসেবে কাজ করছেন। বছর তিনেক ধরে সামাজিক সচেতনতা তৈরি করতে যুক্ত আছেন মায়ের প্রতিষ্ঠানের সঙ্গে।