এক শ তারকা নিয়ে নাচবেন শিবলী-নিপা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদ ‘ইত্যাদি’র নাচের একটি দৃশ্য
ঈদ ‘ইত্যাদি’র নাচের একটি দৃশ্য

শতাধিক নৃত্য ও অভিনয়শিল্পী নিয়ে নাচ করেছেন জনপ্রিয় নৃত্য জুটি শিবলী মহম্মদ ও শামীম আরা নিপা। ঈদের আনন্দ ও সড়ক দুর্ঘটনা নিয়ে ব্যতিক্রম এই নাচ দেখা যাবে ঈদের বিশেষ ‘ইত্যাদি’তে।

ঈদ ‘ইত্যাদি’তে সব সময়ই একটু চমক রাখার চেষ্টা করেন আয়োজকেরা। এরই ধারাবাহিকতায় নৃত্যনাট্যের আদলে করা হয়েছে নাচের একটি অন্য রকম আয়োজন। সেখানে নাচের মাধ্যমে তুলে ধরা হবে ‘ঈদে ঘরমুখী মানুষের আনন্দ এবং সড়ক দুর্ঘটনা’ নিয়ে একটি কাহিনি। শ খানেক শিল্পী নিয়ে নাচটি পরিবেশন করবেন শিবলী ও নিপা। শিবলী মহম্মদ বলেন, ‘নিপা অনেক পরিশ্রম করে এর কোরিওগ্রাফি করেছে। শিল্পীরা অনেক পরিশ্রম করেছে। এখানে নাচের মাধ্যমে দেখানো হবে ঈদের বাজার করা ও বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার এক যুবকের গল্প।’
নাচটির সংগীত পরিচালনা করেছেন ফরিদ আহমেদ। ঈদের বিশেষ এ ‘ইত্যাদি’ একযোগে প্রচারিত হবে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে ঈদের পরদিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর। যথারীতি এ অনুষ্ঠানের রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।