একই দিনে বাবা-ছেলের নাটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছেলে শাহারিয়ারের সঙ্গে গোলাম সারোয়ার
ছেলে শাহারিয়ারের সঙ্গে গোলাম সারোয়ার

‘কোন নাটকটা যে দেখব বুঝতে পারছি না।’ নাট্যনির্দেশক গোলাম সারোয়ারকে বলছিলেন পরিচিতজনেরা। মধুর বিড়ম্বনায় পড়েছেন গোলাম সারোয়ার িনজেও। ঘটনাটা খুলেই বলা যাক।
গত সোমবার বাংলাদেশ শিল্পকলা একাডেমী নাট্যশালার মূল মিলনায়তনে ছিল নান্দনিক নাট্য সম্প্রদায়ের নাটক মহাবিদ্রোহ ও সম্রাট বাহাদুর শাহ জাফর। আ মা ম হাসানুজ্জামানের সঙ্গে যৌথভাবে এর নির্দেশনা দিয়েছেন গোলাম সারোয়ার। আর পরীক্ষণ থিয়েটার হলে ছিল তাঁরই ছেলে গোলাম শাহারিয়ারের নির্দেশনায় ভিশন থিয়েটারের নাটক গালিভারের সফর। এই নাটকটির নাট্যরূপও দিয়েছেন গোলাম সারোয়ার। একই দিনে একই সময়ে পাশাপাশি দুটি মঞ্চে বাবা-ছেলের নাটক মঞ্চায়ন! নাট্যাঙ্গনে এমনটা সচরাচর দেখা যায় না।
মূল হলটি বড়। দর্শক বেশি হওয়ারই কথা। কিন্তু সোমবার সন্ধ্যায় হঠাৎ হরতালের ডাক আসায় দর্শক ছিল তুলনামূলক কম। তবে হল ছোট হলেও গালিভারের সফর দেখতে দর্শকের ভিড় ছিল কিঞ্চিৎ বেশি। ছোটবেলা থেকে বাবার হাত ধরে যে শাহারিয়ার শিল্পকলায় যেতেন, অভিনয় করতেন বাবার নাটকে, তিনিই এবার এই নাটকের নির্দেশক।