একঝাঁক তারকা নিয়ে নাচের অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শুটিংয়ের ফাঁকে অভিনেতা বাপ্পি, কোরিওগ্রাফার সোহাগ ও অভিনেত্রী তমা মির্জা
শুটিংয়ের ফাঁকে অভিনেতা বাপ্পি, কোরিওগ্রাফার সোহাগ ও অভিনেত্রী তমা মির্জা

গানের সংখ্যা ২৪। গানগুলোর সঙ্গে নাচছেন প্রায় অর্ধশত শিল্পী। ঈদের জন্য নির্মিত হচ্ছে অনুষ্ঠানটি। প্রচারিত হবে একুশে টিভিতে। শুরুতেই এমন তথ্য জানিয়ে রাখলেন অনুষ্ঠানটির প্রযোজক ইসরাফিল শাহিন। ছয়টি পর্বে প্রচারিত হবে অনুষ্ঠানটি। প্রতি পর্বে চারটি করে গান। গানগুলো বাছাই করা হয়েছে এপার এবং ওপার বাংলার সংগীতশিল্পী ও জনপ্রিয় তারকাদের ঠোঁট মেলানো গান থেকে। এ দেশের সংগীতশিল্পী ও তারকাদের তালিকায় আছে রাজ্জাক, কবরী, আলমগীর ও রুনা লায়লার গান। আর ওপার বাংলা থেকে থাকছে উত্তমকুমার, সুচিত্রা, প্রসেনজিৎ ও আশা ভোঁসলের গান। তাঁদের জনপ্রিয় চারটি করে গান বাছাই করা হয়েছে অনুষ্ঠানটির জন্য। এসব গানের সঙ্গে নাচছেন শাহেদ শরীফ খান, চাঁদনী, নিরব, শখ, মেহ্জাবীন, বাপ্পী, তমা মির্জা, তানজিন তিশা, রেসি, সাগর, কবির, তিথি, রথী, শিরিন শীলা, লিখন, সোহেল প্রমুখ।
এরই মধ্যে শুটিং শুরু হলেও এখনো অনুষ্ঠানটির নাম ঠিক করা হয়নি। মুঠোফোনে প্রযোজক বললেন, ‘গত ঈদে সালমান শাহ স্মরণে একটা অনুষ্ঠান করেছিলাম। সেটি বেশ জনপ্রিয় হয়। এ কারণে আমরা বৃহৎ পরিসরে অনুষ্ঠানটি করার উদ্যোগ নিয়েছি। কিন্তু নাম ঠিক করতে পারিনি। শুটিং শেষে নামটি নিয়ে ভাবব।’
গত সপ্তাহে শুটিং করেছেন বাপ্পী ও তমা মির্জা। তাঁরা নেচেছেন রোজিনা ও আলমগীরের ঠোঁটে জনপ্রিয় হওয়া সাবিনা ইয়াসমীন ও এন্ড্রু কিশোরের গাওয়া দোলনা ছবির ‘তুমি আমার কত চেনা...’ গানটির সঙ্গে। এর আগে নিরব ও মেহ্জাবীনও অংশ নেন একটি গানের দৃশ্যায়নে।