একটি পারিবারিক নাটক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তাহসান ও মিথিলা l ছবি: প্রথম আলো
তাহসান ও মিথিলা l ছবি: প্রথম আলো

একটি নাটকের তিনটি প্রধান চরিত্রে অভিনয় করছেন একই পরিবারের তিন সদস্য। তাঁরা হলেন মডেল ও অভিনেত্রী মিথিলা, তাঁর স্বামী সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান ও মিথিলার ছোট বোন মিশৌরি। প্রেম কেবলই একটি রাসায়নিক বিক্রিয়া নামের নাটকে দেখা যাবে তাঁদের। গাজী টিভির ঈদ অনুষ্ঠানমালায় প্রচারের জন্য নাটকটি নির্মাণ করছেন শিহাব শাহীন।

মিথিলার বোন মিশৌরি
মিথিলার বোন মিশৌরি

আজ বুধবার থেকে উত্তরার একটি শুটিংবাড়িতে মিথিলা-তাহসান-মিশৌরির নাটকের শুটিং শুরু হবে। শুটিংয়ের বিষয়ে জানতে কথা হলো তাহসানের সঙ্গে। তিনি জানালেন নতুন আরেক তথ্য, শুটিং সেটে পরিবারের তিন সদস্য ছাড়াও আরও একজন উপস্থিত থাকবেন। তাঁর নাম আইরা, তাহসান-মিথিলার মেয়ে। তাহসান বলেন, ‘আইরা প্রায়ই আমার শুটিং দেখতে আসে।
পরিচালক “অ্যাকশন” বললেই, আইরা “বাবা! বাবা!” বলে চিত্কার শুরু করে। স্ক্রিনে আমাকে দেখলে ও অনেক খুশি হয়।’
একই পরিবারের তিন সদস্যকে নিয়ে নাটক তৈরির কারণ জানতে চাইলে পরিচালক শিহাব শাহীন বলেন, ‘শুরু থেকেই তাহসান ও মিথিলাকে নিয়ে কাজটি করার পরিকল্পনা ছিল। পরে গল্পের প্রয়োজনে কিশোরী মিথিলার চরিত্রটির জন্য একজন শিল্পীর প্রয়োজন হয়। তখনই ওই চরিত্রকে আরও বাস্তবসম্মত ও বিশ্বাসযোগ্য করতে মিশৌরিকে নেওয়া।’
বোন ও দুলাভাইয়ের সঙ্গে অভিনয় নিয়ে দারুণ রোমাঞ্চিত মিশৌরি। তিনি বললেন, ‘তাহসান ভাই, মিথিলা আপুর নাটকের শুটিং দেখতে অনেকবার সেটে গিয়েছি। এবার দুজনের সহশিল্পী হয়ে যাচ্ছি। নতুন অভিজ্ঞতা। মজাও হবে।’