একটি ময়না পাখির জন্য...

একাত্তরের মুক্তিযুদ্ধে অনেককে প্রিয়জন হারান, অনেকে হারান নিজের ভিটেমাটি। নিজ দেশ থেকে বেরিয়ে অনেককে আশ্রয় নিতে হয় ভিনদেশে। তাঁদের মতোই একজন সুরেশ সেন। নিজের ভিটে-মাটি ছেড়ে যখন পরিবার নিয়ে অজানার উদ্দেশে বেরিয়ে পড়েন তিনি, তখন একটি ময়না পাখির জন্য আবারও ফিরে আসেন তাঁরা। একটি ময়না পাখির জন্য শুরু হয় সংগ্রাম, শুরু হয় গল্প।
সেই গল্পটিই দেখা যাবে স্বাধীনতা দিবসকে উপলক্ষ করে তৈরি টেলিছবি ‘ময়না পাখি’-তে। এই টেলিছবিটি রচনা করেছেন আশুতোষ সুজন। এর পরিচালক মৃত্তিকা গুণ। টেলিছবিটি নিয়ে মৃত্তিকা বলেন, ‘বরাবরই আমি জীবনঘনিষ্ঠ গল্প নিয়ে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করি। এই টেলিছবিটিও তেমনই। মুক্তিযুদ্ধে সময়টাকে কতটা এই টেলিছবিতে ফুটিয়ে তুলতে পেরেছি, তা দর্শকেরাই এটি দেখে বুঝতে পারবেন।’
‘ময়না পাখি’ টেলিছবিতে অভিনয় করেছেন তারিক আনাম খান, জয়ন্ত চট্টোপাধ্যায়, মুনিরা ইউসুফ, নীলা, আজাদ প্রমুখ। এটি আজ শুক্রবার বেলা ২টা ৪০ মিনিটে দেখানো হবে চ্যানেল আইয়ে।