
পরিচালক ‘কাট’ বলতেই থেমে গেলেন ক্যামেরার সামনে বসা দুই অভিনয়শিল্পী। পরিচালক এগিয়ে গেলেন তাঁদের দিকে। বললেন, ‘হচ্ছে না। শ্রাবণ্যকে আরও একটু রোমান্টিক হতে হবে। আড়ষ্টতা ভাঙতে হবে। শটটা আরেকবার নেব। রেডি সবাই।’
বললেন বটে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির (ছাত্র–শিক্ষক কেন্দ্র) বারান্দাজুড়ে আড্ডা, গিটারের টু-টাং, হাঁটাহাঁটির শব্দ, নোট করতে থাকা তরুণ–তরুণীর খাতার খসখস শব্দ—সবকিছুর মধ্যেই শুটিং করতে হলো পরিচালক তুহিন হোসেনকে। অবশ্য টিএসসিতে বসে থাকা দু-এক জুটি যে উঠে সরে গেলেন না, তা কিন্তু নয়। ততক্ষণে মনিটরে চোখ রেখে নতুন জুটি অপূর্ব আর শ্রাবণ্যর খুনসুটি দেখছেন পরিচালক। কিন্তু মন ভরছে না। এ কারণে দুই অভিনয়শিল্পীকেই পরিচালকের ‘কাট’ শব্দটা হজম করতে হলো বার কয়েক।
বেশ কয়েক বছর ধরে উপস্থাপনা করেন শ্রাবণ্য তৌহিদা। গেল ঈদে বেশ কয়েকটি নাটকেও অভিনয় করেছেন। কিন্তু অপূর্বর সঙ্গে অভিনয় করা হয়নি। এবারই প্রথম। এ কারণেই ‘রোমান্টিক বয়’ অপূর্ব এগিয়ে এলেন শ্রাবণ্যর আড়ষ্টতা ভেঙে দিতে। দিলেন কিছু পরামর্শ। এবার ঠিকঠাক।
গত শুক্রবার শুরু হয়েছে তুহিন হোসেনের রচনা ও পরিচালনায় ঈদের নাটক দৌড়ের ওপর প্রেম। দিনভর টিএসসির বারান্দা, মাঠ এবং ক্যানটিনের পাশে চলল শুটিং। পরের দিন পল্টনে।
অপূর্বর সঙ্গে অভিনয় প্রসঙ্গে শ্রাবণ্য বললেন, ‘অপূর্ব ভাইয়ার সঙ্গে এর আগেও অভিনয় করার কথা ছিল। কিন্তু পরে আর হয়নি। এবার আর এ সুযোগটা মিস করতে চাইনি বলেই ঈদের অনুষ্ঠান উপস্থাপনার ফাঁকে অভিনয় করা।’
নাটকে অবশ্য অপূর্বর ‘অভিভাবক’ হিসেবে দেখা যাবে শ্রাবণ্যকে। সারাক্ষণ প্রেমিককে শাসন-বারণে রাখেন যে প্রেমিকা, সে রকম। তাই বলে ভালোবাসার কমতি নেই একবিন্দুও। এমন একজোড়া প্রেমিক-প্রেমিকার খুনসুটি আর ভালোবাসার গল্পই দেখানো হবে দৌড়ের ওপর প্রেম নাটকে। এমনটাই জানালেন পরিচালক। আসছে ঈদে প্রচারিত হবে নাটকটি।