একসঙ্গে তিন অনুষ্ঠানের উপস্থাপক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবু হেনা রনি
আবু হেনা রনি

আবু হেনা রনি একজন কৌতুকশিল্পী। কৌতুকের মাধ্যমেই সবাইকে আনন্দ দেন। জি বাংলার রিয়েলিটি শো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার ৬’-এর চ্যাম্পিয়ন আবু হেনা রনি এখন উপস্থাপনা করছেন তিনটি টিভি অনুষ্ঠান। এর মধ্যে বাংলাদেশ টেলিভিশনে করছেন ‘হাসতে মোদের মানা’, বাংলাভিশনে করছেন ‘খুদে রসিকরাজ’ আর এটিএন বাংলায় ‘সিনে মিউজিক’।

‘হাসতে মোদের মানা’ অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে প্রতি বৃহস্পতিবার রাত ১০টা ২৫ মিনিটে, ‘খুদে রসিকরাজ’ প্রতি বুধবার বিকেল পাঁচটা ২৫ মিনিটে এবং ‘সিনে মিউজিক’ প্রতি রোববার থেকে বৃহস্পতিবার রাত একটা ২০ মিনিটে প্রচারিত হচ্ছে।

উপস্থাপনার ব্যাপারে আগ্রহ হলো কেন? এমন প্রশ্নে রনি বললেন, ‘টিভির অনুষ্ঠানগুলোতে উপস্থাপকের কাজ হলো একটা অংশের সঙ্গে আরেকটা অংশকে যোগ করে দেওয়া। কিন্তু আমি এখানে স্ট্যান্ডআপ কমেডিকে সাবলীলভাবে ব্যবহার করছি।’ তিনি বলেন, ‘দর্শক এসব অনুষ্ঠানে আমার কথা শোনার জন্যও অপেক্ষা করে থাকেন। তাঁরা আমার কাছ থেকে অবশ্যই ভিন্ন কিছু পান। আর আমার মাধ্যমে আনন্দ পাচ্ছেন। আমার পরিবেশনাও অনুষ্ঠানের একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে গেছে।’

এ দেশে যারা স্ট্যান্ডআপ কমেডির সঙ্গে জড়িত, তাঁরা সবাই মিলে একটা সংগঠন গড়েছেন। নাম ‘বুনো পায়রা’। আবু হেনা রনি এই সংগঠনের প্রেসিডেন্ট। আজ শনিবার দুপুরে মুঠোফোনে তাঁর সঙ্গে যখন কথা হচ্ছে, তখন তিনি বুনো পায়রার কাজ করছিলেন। বললেন, ‘আমরা একটা অনুষ্ঠান তৈরি করছি। বিভিন্ন পেশার মানুষের সুখ-দুঃখ, হাসি, আনন্দ আর তাদের মজার মজার গল্প থাকছে এতে। ১০ মিনিটের অনুষ্ঠান। কোন টিভি চ্যানেলে দেখানো হবে, তা পরে চূড়ান্ত করব।’
এসব কাজের ফাঁকে আবু হেনা রনি বিজ্ঞাপনচিত্রে অভিনয়ও করেছেন। এখন তাঁর একটি বিজ্ঞাপনচিত্র দেখানো হচ্ছে দেশের বেশ কয়েকটি টিভি চ্যানেলে।