একসঙ্গে ৬ ধারাবাহিকে

দুই বছর ধারাবাহিক নাটকে অভিনয় করা হয়নি। এ কারণেই হয়তো একসঙ্গে ছয়টি ধারাবাহিকে অভিনয় শুরু করলেন রুনা খান।
অল্প কিছুদিন আগে অভিনয় শুরু করেছেন অনিমেষ আইচের বুবুনের সাত সতেরো, অরণ্য আনোয়ারের দহন, গোলাম সোহরাব দোদুলের সংসার, তানভীর হাসান প্রবালের ‘ভ’–এর গল্প, ওয়ালিদ হাসানের অন্ধকারে অন্তরালে এবং বি ইউ শুভর লাইফ ইন এ মেট্রোতে। এ ছাড়া ঈদের কয়েকটি নাটকে অভিনয় করবেন বলেও চূড়ান্ত হয়েছে। এর মধ্যে কিছু ধারাবাহিকে শুরু থেকেই অভিনয় করছেন, কিছু ধারাবাহিকে প্রচার শুরুর পর নতুন চরিত্র হিসেবে যুক্ত হয়েছেন রুনা।
দুই বছর ধারাবাহিক নাটক থেকে দূরে থাকার কারণ কী? রুনা খান বললেন, ‘আমার মেয়ে রাজেশ্বরী খুব ছোট ছিল। এ কারণে গেল দুই বছর ওকে সময় দিয়েছি। এখন ও নিয়মিত স্কুলে যাচ্ছে।’
তিনি সর্বশেষ অভিনয় করেছিলেন মাহফুজ আহমেদের পরিচালনায় আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে ধারাবাহিকে।
তবে দুই বছর একেবারে মিডিয়া ছেড়ে দূরে থাকেননি সিসিমপুরের এই পরিচিত ‘সুমনা আপা’। এর মধ্যে সুযোগ পেলেই করেছেন একক নাটক, টেলিছবি ও চলচ্চিত্রের কাজ। কদিন আগে শেষ করেছেন সাজেদুল আউয়ালের ছিটকিনি, পারভেজ আমীনের ঘণ্টি ঘর ও মৃত্তিকা গুেণের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র কালো মেঘের ভেলা-এর অভিনয়।