একুশে টেলিভিশন

কাঠপোকা
একুশে টিভিতে ঈদের দিন বিকেল চারটা পাঁচ মিনিটে প্রচারিত হবে টেলিছবি কাঠপোকা। লিখেছেন ও পরিচালনা করেছেন অঞ্জন আইচ। অভিনয় করেছেন রোমানা, নিশো, ফারুক আহমেদ, এস এম মহসীন প্রমুখ। জঙ্গলের মাঝে একটি দোকান। দোকানে একজন বয়স্ক ব্যক্তি। বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মধ্যে দোকানে এসেছে তিনজন লোক। বয়স্ক ব্যক্তির কাছে তারা নিজেদের জীবনের সত্য ঘটনা বলতে শুরু করে। এই তিনজনের একজন ছিল ডাকাত, একজন শহরের চাকরিজীবী আর তৃতীয়জন গ্রামের সাধারণ ছেলে। তিনজনই বুঝতে পারে তাদের জীবনের বর্তমান অবস্থার জন্য একটি মেয়েই দায়ী। এই বৃষ্টির মধ্যে এক মেয়ে এসে হাজির হয় সেখানে। মেয়েটি কে?
ম্যাজিক
একুশে টিভিতে ঈদের দিন রাত ১০টায় প্রচারিত হবে নাটক ম্যাজিক। লিখেছেন ও পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। অভিনয় করেছেন রিচি সোলায়মান, অপূর্ব, ফারাহ রুমাসহ অনেকে।
ছিন্ন মুকুল
একুশে টিভিতে ঈদের দিন থেকে তৃতীয় দিন পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ছয়টা পাঁচ মিনিটে প্রচারিত হবে পথশিশুদের নিয়ে অনুষ্ঠান ‘ছিন্ন মুকুল’। অনুষ্ঠানটিতে থাকবে পথশিশুদের অধিকারবঞ্চিত হওয়ার গল্প। কীভাবে সকাল থেকে রাত পর্যন্ত কঠোর পরিশ্রম করে জীবিকা নির্বাহ করে। পাশাপাশি শিশুদের দেওয়া হবে ঈদের জামা, তাদের স্বপ্ন পূরণের জন্য নিয়ে যাওয়া হবে বড় কোনো খাবারের হোটেলে। অনুষ্ঠানে পথশিশুদের সঙ্গে আড্ডা দেবেন ফেরদৌস, আঁখি আলমগীর ও জায়েদ খান।
লাভার নাম্বার ওয়ান
একুশে টিভিতে ঈদের দিন সন্ধ্যা সাড়ে সাতটায় প্রচারিত হবে নাটক লাভার নাম্বার ওয়ান। লিখেছেন সোহান খান। পরিচালনা করেছেন রকিব হাসান। অভিনয় করেছেন ঈশানা, সোহান খান, সামিয়াসহ অনেকে।
শামীম কথায় কথায় নিজেকে বলে লাভার নাম্বার ওয়ান। সে অবহেলা একদম সহ্য করতে পারে না। সে নিজেকে মাঝে মাঝে জেমস বন্ডও ভাবে। এদিকে মডেল রুমার সঙ্গে সম্পর্ক আছে শামীমের। রুমার মন জয় করতে আরও কয়েকজন। এবার শুরু হয় শামীমের সঙ্গে অন্য প্রেমিকদের প্রতিযোগিতা।
গভীর জলের ভূত
একুশে টিভিতে ঈদের দিন থেকে ষষ্ঠ দিন পর্যন্ত প্রচারিত হবে ধারাবাহিক নাটক গভীর জলের ভূত। লিখেছেন ও পরিচালনা করেছেন অঞ্জন আইচ। অভিনয় করেছেন সাদিয়া ইসলাম মৌ, মাজনুন মিজান, আবদুল্লাহ রানা, এস এম মহসীনসহ অনেকে।
রাহুলের সময় আর কাটে না। তার বন্ধুবান্ধব তেমন কেউ নেই। শুধু কুহু ছাড়া। কুহু তার একমাত্র বন্ধু, বান্ধবী সব। কিন্তু কুহু বড় বেশি খেয়ালি। কখন যে কী করে বসে তার কোনো ঠিক-ঠিকানা নেই। হঠাৎ কুহু জানায়, বাবা এখনই তার বিয়ে দিতে চায়। কুহুর বাবা থাকেন শহর থেকে দূরে। রাহুল রওনা হয় সেই বাড়ির উদ্দেশে।
ভালোবাসার নৌকা
একুশে টিভিতে ঈদের পরদিন বিকেল চারটা পাঁচ মিনিটে প্রচারিত হবে টেলিছবি ভালোবাসার নৌকা। লিখেছেন ও পরিচালনা করেছেন বিপ্লব হায়দার। অভিনয় করেছেন পপি, সোহান খান, মনিরাজসহ অনেকে।
সবাই স্বপ্ন দেখতে ভালোবাসে। স্বপ্ন আছে বলেই মানুষ দীর্ঘদিন বেঁচে থাকে। নতুন নতুন স্বপ্ন, নতুন নতুন চাওয়া-পাওয়া, কারও স্বপ্ন রঙিন ঘুড়ি হয়ে আকাশছোঁয়া। কারও ঘুড়ি মেঘের তলায়। তাই বলে হাত গুটিয়ে বসে থাকলে হবে না। জীবনকে ধাওয়া করে জীবন ছুটবে।
আজি বিজন ঘরে
একুশে টিভিতে ঈদের তৃতীয় দিন রাত সাড়ে ১১টায় প্রচারিত হবে নাটক আজি বিজন ঘরে। লিখেছেন ও পরিচালনা করেছেন রহমতুল্লাহ তুহিন। অভিনয় করেছেন সুবর্ণা মুস্তাফা, শহীদুজ্জামান সেলিম, সানজিদা প্রীতিসহ অনেকে। আবিরের মৃত্যুর পর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরতে বাধ্য হয় রুবানা। দেশে বাড়িটি বিক্রি করে ফিরে যাবে যুক্তরাষ্ট্রে। বাড়ির উইলের সঙ্গে কিছু চিঠি পায় রুবানা। চিঠিগুলো আবিরের, রুবানাকে লেখা। কিন্তু পোস্ট করা হয়নি। চিঠিগুলে পড়ে নতুন এক জগতের দেখা পায় রুবানা।
ইউ টার্ন
একুশে টিভিতে ঈদের দিন ও পরদিন রাত ১১টা ২০ মিনিটে প্রচারিত হবে নাটক ইউ টার্ন। লিখেছেন সোনিয়া হাসান। পরিচালক রেদওয়ান রনি। অভিনয় করেছেন মেহজাবীন, তানজিন তিশা, সুমন পাটোয়ারীসহ অনেকে।
কানাডায় থাকে হাসান সাহেবের পরিবার। সংসারে আছে ছেলে রাইয়ান আর মেয়ে সেগুফতা। ঘটনাক্রমে রাইয়ানকে নিয়ে মা চলে আসে বাংলাদেশে। মা ভাবে, রাইয়ান একদিন অনেক বড় হবে। রাইয়ানের জীবনে প্রিয়ন্তী নামের একটি মেয়ের আবির্ভাব হয়। এরপর ধুলায় মিশে যায় মায়ের সব স্বপ্ন।
গল্পটি তোমার আমার
একুশে টিভিতে ঈদের পরদিন রাত ১০টায় প্রচারিত হবে নাটক গল্পটি তোমার আমার। লিখেছেন ও পরিচালনা করেছেন মিজানুর রহমান আরিয়ান। অভিনয় করেছেন মিম, সজল, মুনিরা মিঠুসহ অনেকে।
সজল ও মিম বিবাহিত। অন্য পরিবারের মতো তাদের পরিবারের ভালোবাসা, মান-অভিমান থাকে। কিন্তু সবকিছুকে ছাড়িয়ে যায় তাদের ঝগড়া। কারণে-অকারণে তারা ঝগড়া করে। একদিন সজল আর মিম ঘুম থেকে উঠে দেখে, তাদের শারীরিক গঠন ঠিক থাকলে আত্মা পরিবর্তন হয়ে গেছে। সজলের ভেতর মিমের আত্মা আর মিমের ভেতর সজলের আত্মা কাজ করছে। সজল মিমের মতো আচরণ করছে, আর মিম সজলের মতো।
গল্পে গল্পে ভালোবাসা
একুশে টিভিতে ঈদের তৃতীয় দিন বিকেল চারটা পাঁচ মিনিটে প্রচারিত হবে টেলিছবি গল্পে গল্পে ভালোবাসা। লিখেছেন ও পরিচালনা করেছেন সুমন ধর। অভিনয় করেছেন রিয়াজ, তিশাসহ অনেকে।
মিথিলা অপরিচিত এক ছেলের প্রেমে পড়েছে। মিথিলার বিয়ে ঠিক হয়। গায়েহলুদের রাতেই সে পালিয়ে যায়। রেখে যায় একটি চিঠি। রাতের অন্ধকারে ছুটে যায়
প্রেমিকের দেওয়া ঠিকানায়। অনেক রাত। অনিশ্চিত পথে পা বাড়ায় সে।