একুশের প্রস্তুতি চ্যানেলে

চর্যা দেশের বাইরে পড়াশোনা করে সম্প্রতি বাংলাদেশে এসেছে। একটি নির্দিষ্ট এলাকায় ভাষার বিবর্তন নিয়ে গবেষণা করবে। তার এই গবেষণা মাতৃভাষার প্রতি ভালোবাসার থেকে নয়, শুধু একাডেমিক চিন্তা থেকে। কিন্তু নতুন একটা জায়গায় এসে তথ্য সংগ্রহ করতে গিয়ে খুব বেশি সুবিধা করতে পারে না। চর্যার কাজে সহযোগিতার হাত বাড়ায় স্থানীয় স্কুলশিক্ষক। এই নিয়ে গল্প। এমন একটি গল্প নিয়েই নির্মিত হয়েছে একুশে ফেব্রুয়ারির বিশেষ নাটক উত্তরাধিকার। রচনা করেছেন সারওয়ার রেজা ও পরিচালনা করেছেন তুহিন হোসেন। টাঙ্গাইলের মির্জাপুরে এরই মধ্যে নাটকটির শুটিং হয়েছে। মূল চরিত্রে অভিনয় করেছেন তিশা, ইন্তেখাব দিনার প্রমুখ। আসছে একুশে ফেব্রুয়ারির রাতে নাটকটি প্রচারিত হবে এনটিভিতে।
শুধু তুহিন হোসেনই নন, একুশে ফেব্রুয়ারি প্রস্তুতি নিয়েছেন অনেকে। দু-একটি চ্যানেল ছাড়া বেশির ভাগ চ্যানেলেই নেওয়া হয়েছে একুশে ফেব্রুয়ারির বিশেষ অনুষ্ঠানমালার প্রস্তুতি। এর মধ্যে আরটিভিতে প্রচারিত হবে আলো নামের একটি নাটক। তরুণ অভিনেতা সুজাত শিমুলের রচনা ও আবু হায়াত মাহমুদের পরিচালনায় এই নাটকে অভিনয় করেছেন জাকিয়া বারি মমসহ অনেকেই। রচয়িতা জানালেন, একুশের কবিতা ‘কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি’ এবং কবর নাটকটিকে উপজীব্য করেই নাটকের গল্প।
একুশে ফেব্রুয়ারি উপলক্ষে এটিএন বাংলায় প্রচারিত হবে বিশেষ নাটক সাদা শিমুল। নাটকটি লিখেছেন লিটু সাখাওয়াত, পরিচালনা করেছেন সকাল আহমেদ।
এ ছাড়া শামীম আহমেদের পরিচালনায় মাছরাঙা টিভিতে একুশে ফেব্রুয়ারি রাতে প্রচারিত হবে বিশেষ নাটক শেকড়। এতে অভিনয় করেছেন মামুনুর রশীদ, গাজী রাকায়েত, রোকেয়া প্রাচী, দীপা খন্দকার, মাজনুন মিজান প্রমুখ।
এদিকে এই সপ্তাহেই বিটিভির স্টুডিওতে শুটিং হয়েছে একুশে ফেব্রুয়ারির বিশেষ নাটক সহজ সরল পথ নামের একটি নাটকের। মামুনুর রশীদের রচনায় এই নাটকটিতে অভিনয় করেছেন তিনিসহ আহসান হাবিব নাসিম, উর্মিলা শ্রাবন্তী কর, শামীমা তুষ্টি, সুজাত শিমুলসহ অনেকে। নাটকটি প্রচারিত হবে একুশে ফেব্রুয়ারি বিটিভিতে।
এ রকম সব কটি চ্যানেলেই প্রচারিত হবে নাটক, টেলিছবি ও বিশেষ অনুষ্ঠান। আছে গানের অনুষ্ঠান, আলোচনা অনুষ্ঠানও। সব ধরনের প্রস্তুতিও নিয়েছে চ্যানেলগুলো। তাই দর্শকেরা এদিন একুশের অনুষ্ঠানমালা দেখতে চোখ রাখতে পারেন দেশীয় টিভি চ্যানেলগুলোতে।