একের ভেতর তিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাজনীন হাসান চুমকী
নাজনীন হাসান চুমকী

তাঁর প্রথম পরিচয় অভিনয়শিল্পী। মাঝেমধ্যে নাটক লেখেন এবং নির্মাণের কাজটিও করেন। কিন্তু নাটক লেখা, পরিচালনা এবং অভিনয়—তিনটি কাজ একসঙ্গে খুব একটা করা হয়ে ওঠেনি। ১৬ বছরের ক্যারিয়ারে নাজনীন হাসান চুমকী একবারই নাটক লেখা, পরিচালনা এবং অভিনয়ের কাজটি করেছেন। বহুদিন পর আবার একই ঘটনার পুনরাবৃত্তি করলেন এই অভিনেত্রী।
সম্প্রতি নিজের লেখা নাটক সোনার ময়না পাখি পরিচালনার পাশাপাশি এতে অভিনয়ও করেন চুমকী। এরই মধ্যে ঢাকার বিভিন্ন লোকেশনে নাটকের শুটিং শেষ হয়েছে। চ্যানেল আইয়ের জন্য নির্মিত এই নাটকে চুমকীর সহশিল্পী সাঈদ বাবু।
চুমকী বলেন, ‘আমি বিশ্বাস করি, আমি খুব ভালো একজন গৃহিণী। একজন গৃহিণী যদি সংসারের সবকিছু সুন্দরভাবে সামলাতে পারে, তাহলে সে তার কর্মক্ষেত্রেরও সবকিছু সামলাতে পারে।’ তিনি আরও বলেন, ‘নিজের লেখা নাটকের ডিরেকশন দিতে আমার জন্য খুব সুবিধা হয়। আমার মনে হয়, শুরুতেই কাজটার ৪০ ভাগ হয়ে যায়। কিন্তু অভিনয়, নির্মাণ এবং লেখার কাজ একসঙ্গে করা বেশ কঠিন। এ ক্ষেত্রে অভিনয়ে খুব সমস্যা হয়। কারণ, একজন অভিনয়শিল্পী হিসেবে আমারও অন্য শিল্পীদের অভিনয়ের প্রতি পূর্ণ মনোযোগ দিতে হয়। অভিনয়শিল্পী ও ইউনিটের সবার সঙ্গে আলোচনা করে সবকিছু ঠিকঠাক করতে হয়। বিষয়টি সত্যিই কঠিন।’
১৯৯৯ সালে যেতে যেতে অবশেষে নাটকের মধ্য দিয়ে ছোট পর্দায় অভিষেক ঘটে চুমকীর। নাটকটির পরিচালক ছিলেন অনন্ত হীরা। চুমকীর লেখা, পরিচালনা এবং অভিনীত প্রথম নাটকটি হচ্ছে পারিজাত।