এখন ভালো আছেন মাহফুজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাহফুজ আহমেদ ও জাকিয়া বারী মমর
মাহফুজ আহমেদ ও জাকিয়া বারী মমর

ব্যাংককে ‘স্যাটারডে নাইট’ ধারাবাহিক নাটকের শুটিং চলাকালীন গত শুক্রবার সহশিল্পী জাকিয়া বারী মমর হাতে থাকা পিস্তলের আঘাতে আহত হন অভিনেতা মাহফুজ আহমেদ। সোমবার রাতে খোঁজ নিয়ে জানা গেছে, তাঁর শারীরিক অবস্থা এখন ভালো। মুঠোফোনে মাহফুজ আহমেদ জানিয়েছেন তাঁর সর্বশেষ শারীরিক অবস্থার কথা।

ব্যাংকক থেকে প্রথম আলোর সঙ্গে আলাপে মাহফুজ আহমেদ বলেন, ‘চিন্তার কোনো কারণ নেই। আমি এখন পুরোপুরি ভালো আছি। আজ (সোমবার) সারা দিন ধুমসে শুটিং করেছি। কোরাল আইল্যান্ডসহ আশপাশের এলাকার এসব শুটিংয়ে আজও আমার সঙ্গে মম ছিল।’

মম প্রসঙ্গে মাহফুজ বলেন, ‘শুক্রবারের ঘটনাটি নিয়ে তাঁকে বেশ অনুতপ্ত মনে হয়েছে। কিন্তু আমি তাঁকে আশ্বস্ত করেছি, এটা নিয়ে এখন আর চিন্তা করে লাভ নেই। যা হওয়ার হয়ে গেছে; আর ব্যাপারটি তো ইচ্ছাকৃত ছিল না। আল্লাহর অশেষ রহমত যে, বড় কোনো দুর্ঘটনা সেদিন ঘটেনি। বিষয়টি পুরোপুরি অসাবধানতাবশত ঘটেছে।

শুক্রবার পাতায়াতে স্যাটারডে নাইট ধারাবাহিক নাটকের শুটিংয়ের সময় মম-র হাতে থাকা পিস্তলের আঘাতে মাথা ফেটে যায় অভিনেতা মাহফুজ আহমেদের। সঙ্গে সঙ্গে তাঁকে পাতায়ার একটি ক্লিনিকে প্রয়োজনীয় সব চিকিৎসা সেবা দেওয়া হয়।

‘স্যাটারডে নাইট’ নাটকটির পরিচালক রায়হান খান। এ নাটকে মাহফুজ আহমেদ ও জাকিয়া বারী মম ছাড়া আরও অভিনয় করছেন মেহজাবিন, নিশো, নাঈম প্রমুখ।


এদিকে মাহফুজ আহমেদ জানিয়েছেন, ব্যাংককে ‘স্যাটারডে নাইট’ নাটকের শুটিং শেষে কাল বুধবার ঢাকায় ফিরবেন তিনি।