এটাই ছিল নাদিয়ার চমক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাদিয়া আহমেদ
ছবি: সংগৃহীত

‘বোকা পরিবার’ ধারাবাহিক নাটকের শুটিংয়ের ফাঁকে গত বৃহস্পতিবার ফেসবুক লাইভে এসেছিলেন নাদিয়া আহমেদ। ভক্তদের জানিয়েছিলেন, ২০ নভেম্বর বড় ধরনের সারপ্রাইজ দেবেন। লাইভে এসে আজ সেই সুখবর দিলেন তিনি। বললেন, ‘দৌড়ের ওপর আছি।’

নাদিয়া আহমেদ
ছবি: সংগৃহীত

সেদিন লাইভে নাদিয়া বলেছিলেন, ‘২০ নভেম্বর থাকবে একটা বিশেষ চমক ও বিশেষ লাইভ। আমাদের মনে হয় এমন লাইভের জন্য আপনারা অনেক দিন অপেক্ষা করছেন।’ আজ লাইভে জানা গেল, নাদিয়া ফিরছেন প্রিন্সেস রানি হয়ে। এর আগে ‘বকুলপুর’ নাটকে এই চরিত্রে অভিনয় করে প্রশংসা পেয়েছিলেন এই অভিনেত্রী। করোনার কারণে বন্ধ হয়ে যায় ধারাবাহিক নাটকটি। কিন্তু এখনো তিনি ভক্তদের কাছে বকুলপুরের রানি হয়ে আছেন। সেই নাটক ‘বকুলপুর রিটার্নস’ নামে আবার ফিরছে দীপ্ত টিভির পর্দায়। এটাই ছিল নাদিয়ার চমক।

আজ শনিবার নাটকের প্রথম দিনের শুটিংয়ে অংশ নিয়েছেন নাদিয়া। আর শুরুতেই করলেন ধাওয়ার দৃশ্য। নাদিয়া বলেন, ‘প্রথম দিন থেকেই দৌড়ের ওপর আছি। দর্শকেরাও নাটকটি পছন্দ করবেন। তাঁদের অনেক দিনের আগ্রহ ছিল এ নাটক নিয়ে। এ নাটকে আবার ফিরতে পেরে খুব ভালো লাগছে।’ নাদিয়া আরও বলেন, ‘২০১৯ সালের মার্চে সর্বশেষ নাটকটির শুটিং করেছিলাম। প্রচার বন্ধ হয়ে যাওয়ার পর অনেক ভক্ত নতুন করে নাটকটি চাইছিলেন। গত দুই বছর প্রায়ই এ নাটকের কথা ভক্তদের কাছ থেকে শুনতে হয়েছে। তাঁদের জন্য এবার গল্পে অনেক চমক থাকবে। দিবা, উগান্ডা, বোরহান, চান্দু, হাসু সবাই ফিরবে।’

‘বকুলপুর রিটার্নস’ নাটকে সহশিল্পীদের সঙ্গে নাদিয়া
ছবি: সংগৃহীত

শুটিং স্পট থেকে লাইভে নাটকের দৃশ্য ধারণের কিছু নমুনা ভক্তদের দেখিয়েছেন নাদিয়া। এ সময় শুটিং স্পটের আশপাশে থাকা ভক্তরা দূরত্ব বজায় রেখে নাদিয়ার ছবি তুলতে থাকেন। তিনি ভক্তদের উদ্দেশে বলেন, ‘কী ভাই, না বলে ছবি তুলছেন কেন? বললেই ছবি তুলব।’ তখন এক ভক্ত সেলফি তোলার আবদার করে বসেন। লাইভে থাকা ভক্তরা এ দৃশ্য দেখে আপ্লুত হন। নাদিয়া বলেন, ‘এ নাটকে আবার ফিরতে পেরে আমি খুবই খুশি। বললাম না, আমরা দৌড়ের ওপর আছি। নাটকের গল্পও একই রকম। দর্শকদের থামার সুযোগ থাকবে না। নাটকে টানটান উত্তেজনা।’

নাটকটি পরিচালনা করছেন কায়সার আহমেদ। জানুয়ারি মাস থেকে দেখানো শুরু হবে ‘বকুলপুর রিটার্নস’। এতে আরও অভিনয় করছেন সুজাতা আজিম, আজিজুল হাকিম, আনিসুর রহমান মিলন, আ খ ম হাসান, ওভিদ রেহান প্রমুখ।