এত খাবার গেল কই?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাফা কবীর
সাফা কবীর

ক্যামেরা যখন চালু হলো, তখন টেবিলভর্তি খাবার। কিন্তু শুটিংয়ের মাঝপথে দেখা গেল, খাবার হাওয়া! দৃশ্যটি এমন: কয়েকজন বন্ধু মিলে খেতে খেতে আড্ডা দিচ্ছেন। আড্ডাটি খেতে খেতে শুরু, খেতে খেতেই শেষ। কিন্তু মাঝপথে হঠাৎ খাবারসংকট দেখা গেল, সবার পাতের খাবার ঠিক থাকলেও সাফা কবীরের প্লেট খালি! থেমে গেল ক্যামেরা।
গল্পটি গতকাল মঙ্গলবার থ্রিজি নাটকের সেটের। জয়ন্ত রোজারিওর পরিচালনায় ও গোলাম রাব্বানীর লেখা এই নাটকের শুটিং চলছিল উত্তরার আইইউবিএটি ক্যাম্পাসে।
সাফার এমন কাণ্ডে বিপাকে পড়লেন পরিচালক। জিব কাটলেন সাফাও। তবে এর পরপরই একগাল হেসে আত্মপক্ষ সমর্থন করে বললেন, ‘এতে আমার দোষ কী? একটি দৃশ্য সঠিকভাবে তুলে আনতে কয়েকভাবে শট দিতে হয়। এভাবেই একের পর এক শট দিতে গিয়ে আড্ডায় মজে প্লেটের খাবার শেষ করে ফেলেছি! খেয়ালই ছিল না!’
সে যা-ই হোক। এরপর শুরু হলো খাবারের খোঁজ। বন্ধের দিন হওয়ায় ক্যাম্পাসের আশপাশে তখন আর কোনো খাবারের দোকান খোলা নেই। শেষমেশ টেবিলের পাশে থাকা কোমল পানীয় দিয়ে শেষ হলো নাটকের সেই দৃশ্যের শুটিং, আর সেই সঙ্গে সাফার ভরপেট ভোজনপর্বও!