এত দিনে একসঙ্গে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
না ভুলবো না কোনো দিন টেলিছবির শুটিংয়ের ফাঁকে সেলফি তুলছেন ইমন ও শখ
না ভুলবো না কোনো দিন টেলিছবির শুটিংয়ের ফাঁকে সেলফি তুলছেন ইমন ও শখ

বিছানায় আধশোয়া হয়ে বসে আছেন শখ। পা থেকে কোমর অবধি নকশিকাঁথায় ঢাকা। মুঠোফোনে কথা বলছেন। ওপাশ থেকে সম্ভবত একটি দুঃসংবাদই শুনলেন। মুখটা কেমন কুঁচকে গিয়ে সেখানে ফুঠে উঠল শোক। তারপর ভিজে এল চোখ দুটি। পরিচালকের ‘কাট’ শব্দে কান্না থামল শখের। উত্তরার একটি বাড়িতে এমনভাবেই হলো একটি দৃশ্যের ধারণ। পরিচালক হিমেল আশরাফের নতুন টেলিছবি না ভুলবো না কোনো দিন-এর শুটিং চলছে। টেলিছবিটির রচয়িতা গেল ঈদুল ফিতরে সমুদ্রে নিখোঁজ হওয়া নাট্যকার ফারুক হোসেন।
এই টেলিছবির মজার ব্যাপার হলো, ইমন ও শখের একসঙ্গে অভিনয়। এক অঙ্গনেই দুজনের বিচরণ। একসঙ্গে বিজ্ঞাপনে কাজ করেছেন। টিভি অনুষ্ঠান করেছেন। কিন্তু যেকোনো কারণেই হোক, নাটকের জন্য একসঙ্গে তাঁদের দাঁড়ানো হয়নি ক্যামেরার সামনে। এমনটা জানালেন দুজনই। না ভুলবো না কোনো দিন টেলিছবির মধ্য দিয়েই জুটি হিসেবে অভিনয়ের খাতায় নাম লেখালেন দুজন।
গত সোমবার শুরু হয়েছে এই টেলিছবির শুটিং। পরিচালকের ভাষায়, ‘অনেক দিন পর একটা ভালো কাজে হাত দিলাম। ’
নতুন এই টেলিছবিতে অভিনয় নিয়ে শখ বললেন, ‘না ভুলবো না কোনো দিন পুরোপুরি প্রেমের গল্প। ফারুক হোসেনের লেখা এই টেলিছবিতে অভিনয়ের অনেক সুযোগ আছে।’
পরিচালক হিমেল আশরাফ বললেন, ‘এ বছরের ভালোবাসা দিবসের জন্য টেলিছবিটি লিখেছিলেন ফারুক হোসেন। কিন্তু পরে আর নির্মাণ করা হয়নি। ঈদুল আজহার আগে একবার নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও আমার চলচ্চিত্রের কাজের জন্য পিছিয়ে দেওয়া হয়।’
টেলিছবিটির নাট্যকার ফারুক হোসেন গত ঈদুল ফিতরের ছুটিতে কক্সবাজার সমুদ্রসৈকতে বেড়াতে গিয়ে নিখোঁজ হন। এখনো তাঁর কোনো খোঁজ মেলেনি। তাঁর বেশ কয়েকটি স্ক্রিপ্ট রয়েছে হিমেল আশরাফের কাছে।
পরিচালক জানালেন না ভুলব না কোনো দিন এ মাসেই প্রচারিত হবে চ্যানেল আইতে।