এনটিভি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এনটিভিতে ঈদের তৃতীয় দিন বেলা দুইটা ৩৫ মিনিটে প্রচারিত হবে টেলিছবি ছিন্ন। লিখেছেন ও পরিচালনা করেছেন ওয়াহিদ আনাম। অভিনয় করেছেন তিশা, তারিক আনাম খান, লুত্ফর রহমান জর্জ, নাঈম, শশী, তুষার খান, আহসানুল হক মিনু, শবনম পারভীন প্রমুখ
এনটিভিতে ঈদের তৃতীয় দিন বেলা দুইটা ৩৫ মিনিটে প্রচারিত হবে টেলিছবি ছিন্ন। লিখেছেন ও পরিচালনা করেছেন ওয়াহিদ আনাম। অভিনয় করেছেন তিশা, তারিক আনাম খান, লুত্ফর রহমান জর্জ, নাঈম, শশী, তুষার খান, আহসানুল হক মিনু, শবনম পারভীন প্রমুখ

রঙের মানুষেরা কেমন আছেন
এনটিভিতে ঈদের দিন থেকে সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ছয়টা ৩৫ মিনিটে প্রচারিত হবে ধারাবাহিক নাটক রঙের মানুষেরা কেমন আছেন। লিখেছেন মাসুম রেজা। পরিচালনা করেছেন সালাহউদ্দিন লাভলু। অভিনয় করেছেন এ টি এম শামসুজ্জামান, ওয়াহিদা মল্লিক জলি, প্রাণ রায়, আ খ ম হাসান, তানিয়া আহমেদ, ফজলুর রহমান বাবু, আহমেদ রুবেল, বন্যা মির্জা, রহমত আলী, সমু চৌধুরী, রশীদ হারুন, মোস্তাগিসুর রহমান বাবু প্রমুখ।
জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক রঙের মানুষ। সেই নাটকের চরিত্রগুলো আজ এত দিন পর কেমন আছে? তাদের জীবনে কি কোনো পরিবর্তন এসেছে? নাকি তারা অবিকল সেই আগের মতোই আছে? সেই মানুষগুলো আর তাঁদের রঙিন জীবনযাপন নিয়ে এবারের গল্প।

বিহাইন্ড দ্য ট্র্যাপ
এনটিভিতে ঈদের দিন থেকে সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন রাত নয়টা ৫০ মিনিটে প্রচারিত হবে ধারাবাহিক নাটক বিহাইন্ড দ্য ট্র্যাপ। লিখেছেন ও পরিচালনা করেছেন রেদওয়ান রনি। অভিনয় করেছেন মোশাররফ করিম, ফারুক আহমেদ, সুমাইয়া শিমু, মাহমুদুল ইসলাম মিঠু, মম মোর্শেদ, ঊর্মিলা, সাব্বির প্রমুখ।
দুই বন্ধু অভিযানে বের হয়েছে কুয়াকাটায়। ঘটনাচক্রে তারা জড়িয়ে পড়ে গ্রাম্য রাজনীতির সঙ্গে। ঘটতে থাকে মজার সব ঘটনা। কী হয় শেষ পর্যন্ত? তারা কি সেখান থেকে শেষ পর্যন্ত নিজেদের উদ্ধার করতে পারে?

হঠাৎ তোমার জন্যে
এনটিভিতে ঈদের পরদিন রাত আটটা ১০ মিনিটে প্রচারিত হবে নাটক হঠাৎ তোমার জন্যে। লিখেছেন ও পরিচালনা করেছেন তানিম রহমান। অভিনয় করেছেন তাহসান, শার্লিন, কাজী উজ্জ্বল, ফেরদৌসী লীনা প্রমুখ। নিরার অমতে বিয়ে ঠিক হয় বলে সে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সেই রাতে নিরা বাসার পেছনে থাকা কীর্তির লাল
গাড়িটার দিকে এগিয়ে যায়। গাড়ির পেছনে বসেই নিরা বলে, দোস্, টান দে। একটু পরই কীর্তির কল আসে, ওর বাবা অসুস্থ, আসতে দেরি হতে পারে। তাহলে কার গাড়িতে উঠেছে নিরা?

কাগজের ক্যামেরা
এনটিভিতে ঈদের দিন বেলা দুইটা ৩৫ মিনিটে প্রচারিত হবে টেলিছবি কাগজের ক্যামেরা। লিখেছেন ও পরিচালনা করেছেন গৌতম কৈরী। অভিনয় করেছেন প্রসূন আজাদ, শ্যামল মাওলা, আবু হেনা রনি প্রমুখ। ১৯৭৪, ১৯৯৪ ও ২০১৪ সাল। তিনটি ভালোবাসার গল্প।

সূর্যাস্তের আগে
এনটিভিতে ঈদের দিন রাত ১১টা ১৫ মিনিটে প্রচারিত হবে বিশেষ নাটক সূর্যাস্তের আগে। মারুফ রেহমানের রচনায় নাটকটি পরিচালনা করেছেন মাহফুজ আহমেদ। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ, রিচি সোলায়মান, মিথিলা, মিম চৌধুরী, সাজ্জাদ প্রমুখ। আসিফ স্নেহাকে ভালোবেসেছিল। কিন্তু স্নেহা আসলে আসিফের জন্য নয়। আসিফের জন্য সাদিয়াই পারফেক্ট। অন্যদিকে এই সাদিয়াও ভালোবেসেছিল তার সেই ফোন-ফ্রেন্ডকে। কিন্তু সেই ছেলেও তার জন্য উপযুক্ত নয়। মানুষ এভাবে প্রতিনিয়ত তার ঠিকানা খুঁজে বেড়ায়। সঠিক ঠিকানায় পৌঁছার আগে হয়তো সে কখনো ভুল ঠিকানায় পা রাখে। তবে সেটা সাময়িক। জীবনের সূর্যাস্তের আগে অবশ্যই সে তার ঠিকানা খুঁজে পায়।

সম্পর্কের গল্প
এনটিভিতে ঈদের তৃতীয় দিন রাত আটটা ১০ মিনিটে প্রচারিত হবে নাটক সম্পর্কের গল্প। নাটকটি লিখেছেন ও পরিচালনা করেছেন মাবরুর রশিদ বান্নাহ। অভিনয় করেছেন তাহসান, ঊর্মিলা, সাজু খাদেম, ইমন প্রমুখ। সাহিলের বয়স যখন পাঁচ, তখন কামাল সাহেব তাকে একটি এতিমখানা থেকে নিয়ে আসেন। পালকপুত্র বলে তার কোনো রকম অযত্ন ছিল না। ২০ বছর পর কামাল সাহেবের নিজের একমাত্র ছেলে নয়ন বিদেশ থেকে উচ্চশিক্ষা শেষে দেশে এসে দেখতে পায়, সাহিল তার বাবার ব্যবসা দেখাশোনার দায়িত্ব পালন করছে। নয়ন অফিসে যোগ দিয়ে সব কলিগের সঙ্গে পরিচিত হতে গিয়ে দিহানকে দেখে ভালো লেগে যায়। নয়ন শরণাপন্ন হয় সাহিলের। সাহিল পড়ে বিপদে। কারণ, সেও দিহানকেই পছন্দ করে।

ব্যাকডেটেড
এনটিভিতে ঈদের পরদিন বেলা দুইটা ৩৫ মিনিটে প্রচারিত হবে টেলিছবি ব্যাকডেটেড। লিখেছেন ও পরিচালনা করেছেন অপূর্ব। অভিনয় করেছেন অপূর্ব, সারিকা, শম্পা রেজা, আবুল হায়াত, শর্মিলী আহমেদ, ডলি জহুর, কে এস
ফিরোজ, মঈন আহমেদ প্রমুখ।
২০১২ সাল। পৃথিবীর সব উন্নত দেশের সঙ্গে একটু একটু করে এগিয়ে যাচ্ছে আমাদের দেশটাও। বদলে যাচ্ছে আমাদের জীবনযাত্রার মান। তার সঙ্গে সঙ্গে আমাদের ভাবনা, মানসিক মূল্যবোধ, সাহিত্য-সংস্কৃতি, ঐতিহ্য আরও অনেক কিছু। ছুটছি আমরা সবাই। আমরা সবাই যেন হয়ে উঠছি আত্মকেন্দ্রিক। পশ্চিমা দেশের সঙ্গে তাল মিলিয়ে আমরা আপ্রাণ চেষ্টা করছি তাদের সংস্কৃতি ও মূল্যবোধ অনুসরণ করার। তাদের জীবনযাপন পদ্ধতি, ভাবনাকে ধারণ করার। কিন্তু এই ধরনের অনুকরণে আমরা আদৌ কিছু পাচ্ছি?

ভিটামিন-টি
এনটিভিতে ঈদের তৃতীয় দিন রাত সোয়া ১১টায় প্রচারিত হবে এয়ারটেল নিবেদিত টেলিছবি ভিটামিন-টি। লিখেছেন ও পরিচালনা করেছেন শাফায়েত মনসুর রানা। অভিনয় করেছেন অপর্ণা, মিশু সাব্বির, তারিক আনাম খান, সালমান মুক্তাদীর, রুমা প্রমুখ।
বুলবুল, সায়েম, রকি, তানিশা ও মিথিলা। এরা সবাই একই বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের ছাত্রছাত্রী। শেষ সেমিস্টারের শেষ পরীক্ষা দিতে যাওয়ার সময় বুলবুল একটি ঘটনার মুখোমুখি হয়। এ ঘটনার কারণে তাদের সবার আর বিশ্ববিদ্যালয়ের শেষ পরীক্ষা দেওয়া হয় না। পরিস্থিতির কারণে সবাইকে ঢাকা ছেড়ে কক্সবাজারে যেতে হয়। সংকট থেকে উদ্ধারে বন্ধুদের মাঝে ফিরে আসে অনেক রং।

টাপুরটুপুর অপেরা
এনটিভিতে ঈদের দিন রাত আটটা ১০ মিনিটে প্রচারিত হবে নাটক টাপুরটুপুর অপেরা। লিখেছেন ও পরিচালনা করেছেন সাগর জাহান।
অভিনয় করেছেন মোশাররফ করিম, তিশা, আল মনসুর, হাসিন রওশন প্রমুখ।
গ্রামের আনোয়ার সাহেবের মেয়ে লাইজু বিদেশ থেকে এসেছে। এ উপলক্ষে গ্রামবাসীর জন্য ভোজের আয়োজন আর রাতে টাপুরটুপুর অপেরার যাত্রা পরিবেশিত হবে। এদিকে জানা যায়, যাত্রাদলের নায়ক আসছে না। এ সুযোগে গ্রামের যুবক আফসার নায়ক হওয়ার চেষ্টা করে। প্রথমে দলের সদস্যরা রাজি না হলেও শেষে নায়িকা মুক্তাবানু রাজি হয়। আফসারকে অভিনয় শেখাতে গিয়ে মুক্তাবানু কখনো রেগে যায়, কখনো হাসতে হাসতে লুটোপুটি। অনুষ্ঠানের দিন আফসারকে কোথাও খুঁজে পাওয়া যায় না।