এনটিভি

জেলাস
এনটিভিতে ঈদের দিন রাত ১১টা ৩০ মিনিটে প্রচারিত হবে নাটক জেলাস। কচি খন্দকারের রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, নাদিয়া, রিফাত চৌধুরী, শ্যামল মওলা, ইলোরা গহর, কচি খন্দকার, তারেক মাহমুদ প্রমুখ। এক এলাকার দুটি পাড়ার মধ্যে হিংসার বসবাস। শান্তিপুর ও স্বস্তিপুর। এক এলাকার কবি, আরেক এলাকার ছড়াকার। হঠাৎ এই এলাকার পাবলিক লাইব্রেরির নির্বাচন। কবি আর ছড়াকার দুই প্রতিদ্বন্দ্বী। এলাকার মধ্যে টান টান উত্তেজনা। এই উত্তেজনা যখন খুব তুঙ্গে, ঠিক তখনই তৃতীয় একজনকে নির্বাচনের প্রার্থী করা হয়। তৃতীয় পক্ষকে প্রার্থী করানোটা কি এলাকার উত্তেজনা কমানোর একটি কৌশল?
নীল রৌদ্রের ঘ্রাণ
এনটিভিতে ঈদের দিন রাত ৮টা ৫ মিনিটে প্রচারিত হবে নাটক নীল রৌদ্রের ঘ্রাণ। জাকারিয়া সৌখিনের রচনা ও পরিচালনায় এই নাটকে অভিনয় করেছেন আফজাল হোসেন ও সুবর্ণা মুস্তাফা।
সকাল থেকে একেবারেই চুপ রোকেয়া। ছেলের সঙ্গে বৃদ্ধাশ্রমে যাচ্ছেন। পুরোটা পথ চুপ থাকলেও তাকে বৃদ্ধাশ্রমে রেখে ছেলে যেই পা বাড়ায়, আবেগ আর ধরে রাখতে পারল না রোকেয়া। ছেলে কথা দিয়ে যায়, প্রতি ছুটির দিনে এসে মাকে দেখে যাবে। বৃদ্ধাশ্রমে রোকেয়া দেখতে পায়, একদল বয়স্ক ব্যক্তি হই-হুল্লোড় করছে। সবার মধ্যমণি এক বয়স্ক ভদ্রলোক, কেমন চেনা চেনা লাগে রোকেয়ার। খাবারের সময় সেই ভদ্রলোকের মুখোমুখি। প্রথমে ভ্রু কুঁচকালেও আকরাম সাহেব অস্ফুট কণ্ঠে উচ্চারণ করে, মধুবালা! অবাক বিস্ময়ে রোকেয়ার মুখ থেকেও বেরিয়ে আসে, দিলীপ কুমার!
কমলা রাঙা রোদ
এনটিভিতে ঈদের দ্বিতীয় দিন রাত ৮টা ৫ মিনিটে প্রচারিত হবে বিশেষ নাটক কমলা রাঙা রোদ। আশফাক নিপুণের রচনা ও পরিচালনায় এই নাটকে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ, নুসরাত ইমরোজ তিশা প্রমুখ। ভালোবাসা কখনো এক গতিতে মসৃণভাবে চলে না। চলতে চলতে ভালোবাসার মধ্যে মন্দবাসা এসে ঢুকে যায়, মন্দ আবার ভালো হয়। মুহিব আর অর্পার গল্পও এমন। প্রচণ্ড ভালোবাসায় সিক্ত এই মানব-মানবীর সম্পর্কও বারবার হোঁচট খায়। হোঁচট খেয়ে আবার উঠে দাঁড়ায়, এগোতে থাকে, আবার হোঁচট খায়। কমলা রাঙা রোদ মুহিব আর অর্পার হোঁচট খাওয়ার গল্প।

উড়বো আমি ডানা মেলে
এনটিভিতে ঈদের দ্বিতীয় দিন রাত ৯টা ৫ মিনিটে প্রচারিত হবে একক নৃত্যানুষ্ঠান ‘উড়বো আমি ডানা মেলে’। এতে নৃত্য পরিবেশন করেছেন এ সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি।
স্বর্ণালী সময়ের গান
এনটিভিতে ঈদের তৃতীয় দিন বিকেল ৫টা ১৫ মিনিটে প্রচারিত হবে বিশেষ সংগীতানুষ্ঠান ‘স্বর্ণালী সময়ের গান’। হুমায়ূন ফরিদের প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন নুজহাত সাওম। এই অনুষ্ঠানে বিভিন্ন সময়ের জনপ্রিয় গান পরিবেশন করেছেন দিনাত জাহান, প্রিয়াংকা গোপ, রাজীব, অনুপমা মুক্তি, সাব্বির ও প্রতীক হাসান।