আফরান নিশোর একাধিক ভিডিও ক্লিপ ফেসবুকে কিছুদিন ধরে ঘুরে বেড়াচ্ছে। এসব ক্লিপে কখনো তাঁকে দেখা যাচ্ছে পরীমনি ও শরীফুল রাজের সঙ্গে, কখনো নুসরাত ফারিয়ার সঙ্গে। চলচ্চিত্র তারকাদের সঙ্গে কী করছেন টেলিভিশন নাটকের জনপ্রিয় এই তারকা? জানা গেছে, তারকাদের সঙ্গে ভিন্ন ভিন্ন বেশে হাজির হওয়ার হেতু খুঁজতে গিয়ে জানা গেল, অভিনেতার উপস্থাপক বনে যাওয়ার খবর। ঈদ উপলক্ষে কেবল নিশো নন, এবার টিভিতে এমন আরও কয়েকজন তারকাকে উপস্থাপনায় দেখা যাবে। যাঁদের কেউই উপস্থাপক নন। খোঁজ নিয়ে জানা গেছে, উপস্থাপনায় ভিন্নতা আনতেই তারকাদের নতুনরূপে হাজির করেছেন টিভি অনুষ্ঠান নির্মাতারা।
মেরিল–প্রথম আলো পুরস্কার অনুষ্ঠান উপস্থাপনার পর উপস্থাপক হিসেবেও নজর কাড়েন চিত্রনায়িকা পূর্ণিমা। এবারের ঈদেও পূর্ণিমাকে দেখা যাবে উপস্থাপক হিসেবে। ঈদের সাত দিন দীপ্ত টিভিতে ‘চেনা মুখ অজানা গল্প’ নামে একটি অনুষ্ঠান উপস্থাপনা করবেন। তাঁর সঙ্গে উপস্থাপক হিসেবে থাকবেন আরেক অভিনয়শিল্পী সাজু খাদেম।
সাধারণত বিনোদন অঙ্গনের তারকাদের নিয়ে অনুষ্ঠান উপস্থাপনা করলেও এবার ভিন্ন ভিন্ন অঙ্গনের সফল ব্যক্তিরা পূর্ণিমার অতিথি হয়েছেন। সর্বশেষ দেশ টিভির একটি অনুষ্ঠান উপস্থাপনা করেছেন তিনি। পূর্ণিমা বলেন, ‘তাঁর অনুষ্ঠানে আমন্ত্রিতদের কেউ কোম্পানির সিইও বা এমডি, কেউ রাজনীতিবিদ, কেউবা সাহিত্যিক। তাঁদের কাছ থেকে অজানা গল্প বের করার চেষ্টা করেছি।’
ভিন্ন ভিন্ন অঙ্গনের সফল ব্যক্তিদের সঙ্গে আড্ডা দিয়ে ভালো লাগার কথা জানিয়ে পূর্ণিমা বলেন, ‘আড্ডা দিয়ে আমারও ভালো লাগছে। কারণ, আমরা এদের অনেককে চিনি, যাদের অজানা গল্প শুনছি। তাদের জীবনের দুষ্টামির কথা বলছেন। ছাত্রজীবনের কথা এসেছে ঘুরেফিরে।’
অতিথিদের কেউ তো আবার পূর্ণিমাকে পাল্টা প্রশ্ন করছেন না—ছোটবেলা থেকে আপনার ছবি দেখছি? এ প্রশ্ন শুনেই পূর্ণিমা বলেন, ‘এটা প্রতিটা পর্বে হচ্ছে (হাসি)। সবচেয়ে মজা লেগেছে, আনিসুল হক ভাই বলছিলেন, তিনিও নাকি ছোটবেলা থেকে আমাকে দেখছেন (হাসি)। তিনি নাকি ক্লাস ফাইভে থাকতে হৃদয়ের কথা দেখেছেন।’
বাংলাদেশ টেলিভিশন ঈদে তাদের নিয়মিত ‘আনন্দ মেলা’ নিয়ে নানা ধরনের পরিকল্পনা করে থাকে। উপস্থাপনায় ভিন্নতা আনতে সময়ের জনপ্রিয় তারকাকে নিয়ে আসেন। এ জন্য উপস্থাপক ও অনুষ্ঠানের বিভিন্ন অংশেও নতুনত্ব আনার চেষ্টা থাকে। নিশোরও ভালো লেগেছে ছোটবেলা থেকে দেখে আসা অনুষ্ঠানের উপস্থাপনা করতে পেরে, ‘আগে তো পর্দার সামনে বসে আফজাল ভাই, ফেরদৌস ভাই, রিয়াজ ভাই, পূর্ণিমা আপুদের উপস্থাপনা দেখেছি। সেই মঞ্চে নিজেকে দেখব, এটি আমার জন্য আনন্দের। তা ছাড়া বাংলাদেশ টেলিভিশনে “আনন্দ মেলা” অনুষ্ঠান দেখে না, এমন কম মানুষই আছে।’
নিশো বলেন, এই অনুষ্ঠানে একটু অন্যভাবে উপস্থাপনার গল্প সাজানো হয়েছে। ব্যক্তি নিশোর উপস্থাপনার পাশাপাশি তাঁর অভিনীত চার-পাঁচটি নাটকের চরিত্রে নিশোকেও মঞ্চে দেখা যাবে। তিনি বলেন, ‘ব্যক্তি নিশো উপস্থাপনার পাশাপাশি আমার বেশ কয়েকটি নাটকের চরিত্রে নিশো মঞ্চে উঠবে। বাস্তবের নিশোর সঙ্গে চরিত্রের নিশোরা মঞ্চ মাতিয়ে তোলে। অনেক মজা হয়েছে।’ তাঁর মতো দর্শকদেরও অনুষ্ঠানটি ভালো লাগবে আশা প্রকাশ করে নিশো বলেন, ‘উপস্থাপনার গতানুগতিক ধারা থেকে এখানে বেশ ভিন্নতা আনা হয়েছে। আমার বিশ্বাস দর্শকের কাছে এটি উপভোগ্য হবে।’
এবার উপস্থাপনায় দেখা যাবে মামনুন ইমন ও কুসুম শিকদারকেও। গহীনের শব্দ, লাল টিপ —দুই ছবিতে জুটি বেঁধে অভিনয় করেছেন তাঁরা। এই ঈদে বাংলাদেশ টেলিভিশনের ‘তারার মেলা’ ম্যাগাজিন অনুষ্ঠানের কান্ডারি তাঁরা। অভিনয়ে পর্দা ভাগাভাগি করা এই দুই তারকা একসঙ্গে উপস্থাপনাও বেশ উপভোগ করেছেন। কুসুম প্রায় চার বছর হলো বিনোদন অঙ্গনে সেভাবে কাজ করেননি। কুসুম বলেন, ‘দেখলাম, দুজন তো একসঙ্গে সিনেমা করেছি। ফলে কাজটি মজা করে করা যাবে। ইমনের সঙ্গে দেখাও হয় না অনেক দিন। কাজটি করতে এসে দেখা হলো। বন্ধুত্বের জায়গা থেকে আমাদের মধ্যে কাজ নিয়ে বোঝাপড়া বেশ ভালো। একসময় লাক্স–চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার বেশ কয়েকটি ইভেন্টের উপস্থাপনার অভিজ্ঞতা আমার আছে। সব মিলিয়ে কাজটি সহজ হয়েছে।’