এবার উপস্থাপক সংগঠনের যাত্রা হলো শুরু


অভিনয়শিল্পী, পরিচালক, প্রযোজক ও চিত্রগ্রাহকদের পর এবার সাংগঠনিকভাবে টেলিভিশন উপস্থাপকেরাও এবার একত্র হলেন। সব উপস্থাপকের অংশগ্রহণে যাত্রা শুরু হলো নতুন এক সংগঠনের। গতকাল বৃহস্পতিবার প্রেজেন্টার্স প্ল্যাটফর্ম অব বাংলাদেশ নামের এই সংগঠনের যাত্রা শুরু হয়। ঢাকা ক্লাবে একেবারে ঘরোয়া আয়োজনের মাধ্যমে সভাপতি আব্দুন নূর তুষার আর সাধারণ সম্পাদক আনজাম মাসুদের নাম ঘোষণা করা হয়।
কেন সংগঠন চালুর প্রয়োজনীয়তা অনুভব করলেন, জানতে চাইলে আব্দুন নূর বলেন, ‘কিছুদিন আগে শহীদ মিনারে ফেডারেশন অব টেলিভিশন প্রফেশনালস অর্গানাইজেশনের (টেলিভিশন নাটকের সঙ্গে সংশ্লিষ্ট ১৩টি সংগঠন নিয়ে গঠিত হয় এফটিপিও) আয়োজনে একটি সমাবেশ হয়। সেখানে উপস্থাপকদের অনেকে ছিলেন। কিন্তু তাঁদের সাংগঠনিক কোনো অস্তিত্ব ছিল না। সবাই মিলে তখনই এর প্রয়োজনীয়তা অনুভব করেন। এরপর সবার সম্মতিতে সংগঠনটি গড়ে তোলা হয়।’
এই সংগঠনের উদ্দেশ্য কী জানতে চাইলে তুষার বলেন, ‘উপস্থাপকদের মানোন্নয়নে নানা কর্মসূচি গ্রহণ করব। একে অন্যের পাশে দাঁড়ানো। আর এই পেশাকে আরও বেশি সম্মানজনক একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য কাজ করাই আমাদের প্রধান কাজ।’
সাধারণ সম্পাদক আনজাম মাসুদ বলেন, ‘একমাত্র উপস্থাপক ছাড়া টেলিভিশন মিডিয়ার সঙ্গে যুক্ত সবার সংগঠন রয়েছে। আমরাও সবাই একত্র হওয়ার প্রয়োজন অনুভব করেছি। দেরিতে হলেও সবার সম্মতি ও উপস্থিতিতে কমিটি গঠন করতে পেরেছি। শিগগিরই আমাদের সংগঠনের কার্যক্রম সবাই দেখতে পাবেন।’
প্রেজেন্টার্স প্ল্যাটফর্ম অব বাংলাদেশ কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি ফেরদৌস বাপ্পী, খন্দকার ইসমাইল, শারমীন লাকি ও ফারহানা নিশো। তিন যুগ্ম সাধারণ সম্পাদক পদে আছেন নওশীন নাহরীন, শফিউল আলম ও ফারজানা ব্রাউনিয়া। সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করবেন দেবাশীষ বিশ্বাস। এ ছাড়া গুরুত্বপূর্ণ পদে যাঁরা আছেন, তাঁরা হলেন আলিফ আলাউদ্দীন (অর্থ), সামিয়া আফরিন (দপ্তর), নীরব খান (প্রচার ও প্রকাশনা), সায়েম সালেক (সাহিত্য), শান্তা জাহান (সাংস্কৃতিক), সৈকত সালাহউদ্দিন (আন্তর্জাতিক), আফরিন আহমেদ (আইন), মারিয়া নূর (ক্রীড়া ও বহিঃ অনুষ্ঠান) ও নাবিলা (আর্কাইভ)।
প্রেজেন্টার্স প্ল্যাটফর্ম অব বাংলাদেশ সংগঠনটির প্রথম কার্যনির্বাহী সদস্যরা হলেন খাইরুল ইসলাম পাখি, রুমানা মালিক মুনমুন, শাহেদা পারভীন, তানভীর তারেক, আমব্রিনা সারজিন, মৌসুমী বড়ুয়া, পারিহা লিমা, ইমতু রাতিশ, জেরিন চৈতি ও ইভান সাইর।