এবার ক্রিকেট নিয়ে টয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুমতাহিনা টয়া
মুমতাহিনা টয়া

অভিনয়শিল্পী মুমতাহিনা টয়ার প্রিয় খেলা ক্রিকেট। ক্রিকেট নিয়ে মাঠে নেমেছেন, খেলেছেন বন্ধুদের সঙ্গে। আর দেশের মাটিতে বাংলাদেশ দলের খেলা থাকলে যেভাবেই হোক মাঠে যেতেই হবে। কাছ থেকে খেলা দেখার মজাই আলাদা। কিন্তু এবার ক্রিকেটের সঙ্গে আরও ভালোভাবে জড়িয়ে যাচ্ছেন এই লাক্স তারকা। ক্রিকেট নিয়ে অনুষ্ঠান করবেন টয়া। নাম ‘ক্রিকেট এক্সট্রা’। দেখানো হবে গাজী টিভিতে।
২৭ জানুয়ারি বাংলাদেশে শুরু হচ্ছে ‘অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট’। এ উপলক্ষে ক্রিকেট নিয়ে নানা অনুষ্ঠান প্রচারের উদ্যোগ নিয়েছে গাজী টিভি। এর মধ্যে ‘ক্রিকেট এক্সট্রা’ অন্যতম। এই আয়োজনের সব কটি খেলা সম্প্রচার করবে গাজী টিভি। খেলার শুরুতে, মধ্যবিরতিতে আর শেষে থাকবে ‘ক্রিকেট এক্সট্রা’ অনুষ্ঠানটি। এখানে উপস্থাপকের সঙ্গে থাকবেন একজন অতিথি। তিনি খেলা নিয়ে পর্যালোচনা করবেন।
এ প্রসঙ্গে টয়া বলেছেন, ‘ক্রিকেট তো আমার নেশা। এবার এই ক্রিকেট নিয়েই কথা বলব। দারুণ একটা অনুভূতি কাজ করছে।’
অবশ্য টয়া একাই নন, টয়ার সঙ্গে পর্যায়ক্রমে ‘ক্রিকেট এক্সট্রা’ অনুষ্ঠান উপস্থাপনায় আরও থাকছেন আমব্রিন, মারিয়া ও ঝুমুর।
যদিও অভিনয়ের পাশাপাশি টিভিতে এর আগেও বিভিন্ন অনুষ্ঠান উপস্থাপনা করেছেন টয়া। তবে ক্রিকেট নিয়ে এবারই প্রথম তিনি অনুষ্ঠান করছেন।
টয়া বললেন, ‘যে ধারাবাহিকগুলোতে কাজ করেছি, সেগুলোর প্রচার শেষ হয়েছে। ফেব্রুয়ারি থেকে আবার কাজ করব। গাজী টিভির “ফাইভ ফিমেল ফ্রেন্ডস” ধারাবাহিকটির দ্বিতীয় মৌসুম (সিজন) শুরু হচ্ছে। এবার এই ধারাবাহিকে আমি কাজ করব।’ তিনি বলেন, ‘এ ছাড়া রাজিবুল ইসলামের “বারো ঘরের এক উঠান” ধারাবাহিকের কাজ চলছে। আর মাতিয়া বানু শুকু নতুন একটি ধারাবাহিক তৈরি করবেন। এই ধারাবাহিক নাটকটিতেও আমি অভিনয় করব।’
তবে টয়া জানিয়েছেন, এই সব কটি কাজই শুরু হবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটের পরে।